পানির অপচয় আমাদের রন্ধ্রে রন্ধ্রে: স্থানীয় সরকারমন্ত্রী

পানির অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ওয়াসার পানির নিয়ন্ত্রিত সরবরাহের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, ‘পানির অপচয় আমাদের রন্ধ্রে রন্ধ্রে। পানি আপনারা যথেষ্ট পাবেন। কিন্তু সময়মতো পাবেন।’
আজ মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ২২ মার্চ জাতিসংঘ ঘোষিত বিশ্ব পানি দিবস উপলক্ষে অঅজ মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী ওয়াসা এবং ইউনিসেফ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
পানি দিবসের সূচনা ১৯৯২ সালে। সে বছর ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে জাতিসংঘের পরিবেশ ও উন্নয়নবিষয়ক অধিবেশনে বছরের একটি বিশেষ দিনকে ‘স্বাদু পানি দিবস’ হিসেবে পালনের সুপারিশ করা হয়। পরের বছর ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে ২২ মার্চকে আন্তর্জাতিক পানি দিবস হিসেবে ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় প্রতিবছর স্বাদু পানির ওপর এক একটি বিশেষ দৃষ্টিভঙ্গি নিয়ে দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বর্জ্যপানির পুনর্ব্যবহার’।
আজকের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘দাঁত মাজা ও ক্ষৌরকর্ম থেকে শুরু করে দৈনন্দিন ছোটখাটো কাজে আমরা যে পরিমাণ সুপেয় পানি অপচয় করি, তা কখনোই কাম্য নয়। অথচ বিশ্বের ৬০ কোটির বেশি মানুষ তাঁদের হাতের নাগালে সুপেয় পানি পায় না।’
বছরের পর বছর ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতার দরুন বাংলাদেশের বিভিন্ন জায়গায় পানির স্তর বিপজ্জনকভাবে নেমে যাচ্ছে মন্তব্য করে মন্ত্রী আরও বলেন, ‘পানির স্তরের সঙ্গে ভূমির উর্বরতা বা প্রাণশক্তির সরাসরি সম্পর্ক রয়েছে। বাংলাদেশের ভূমির ধারণক্ষমতা দুই থেকে আড়াই কোটি মানুষের। অথচ এখানে ১৬ কোটির বেশি মানুষের বাস। আমরা নিজেরা যদি এই ভূমিকে বাসযোগ্য করে না রাখতে পারি, তাহলে সবারই বিপদ।’
এ অবস্থায় ভূ-উপরিস্থ পানির উৎসগুলোকে কার্যকর করার জন্য সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে প্রাকৃতিক জলাধারগুলো রক্ষার উদ্যোগ নেওয়া এবং দেশের প্রধান প্রধান ৫৪টি নদী, খাল ও পুকুর পুনঃখননের ওপর জোর দেন মন্ত্রী।
এ ছাড়া প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়নাধীন একটি প্রকল্পের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, এই প্রকল্পের আওতায় গ্রামের প্রতি ৭০ জন মানুষের জন্য একটি করে পানির উৎস নির্ধারণ করা হবে। ওই উৎসকে কেন্দ্র করেই যাতে সবাই জনবসতি গড়ে তোলে, সে ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করা হবে। যাতে তাঁদের জন্য সড়ক-বিদ্যুৎসহ অন্যান্য সুযোগ-সুবিধাও সহজে নিশ্চিত করা যায়।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকীম এ খানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক। আরও বক্তব্য দেন চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকেরা।