পানির অপচয় রোধে সব গ্রাহককে মিটারের আওতায় আনবে ওয়াসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের পানির অপচয় রোধে ওয়াসার প্রায় ১৭ হাজার গ্রাহকের মধ্যে ৫ হাজার গ্রাহকের বাড়িতে মিটার বসানো হয়েছে। প্রায় এক বছর আগে এই কার্যক্রম শুরু হয় এবং মিটার চালুর পর পানির অপচয় কিছুটা কমেছে। পর্যায়ক্রমে নগরের সব গ্রাহককে মিটারের আওতায় আনা হবে।
গতকাল রোববার খুলনা নগরের একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘পানির অপচয় রোধ ও গ্রাহকসেবা নিশ্চিতকরণে মিটার ব্যবস্থাপনা’ বিষয়ক আলোচনা সভায় খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ এসব কথা বলেন। খুলনা ওয়াসা এবং ওয়াটার এইডের সহযোগিতায় বেসরকারি সংস্থা নবলোক এই সভার আয়োজন করে।
মো. আবদুল্লাহ আরও বলেন, ২ হাজার ৫৫৮ কোটি টাকা ব্যয়ে নগরে ১১ কোটি লিটার পানি সরবরাহের জন্য একটি প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পের কাজ শেষ হলে নতুন করে প্রায় ৬০ হাজার গ্রাহককে পাইপলাইনে পানির সংযোগ দেওয়া যাবে। সংযোগ দেওয়ার সময় এই গ্রাহকদেরও মিটারের আওতায় আনা হবে।
নবলোকের প্রকল্প ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান তুষার কান্তি রায়ের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগের উপপরিচালক টি এম জাকির হোসেন এবং খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।
সভায় বক্তারা বলেন, নগরে এখনো সুপেয় পানির সংকট তীব্র। তারপরও প্রচুর পরিমাণ পানি অপচয় হয়। অনেক বাড়ির ট্যাংক উপচে পানি নিচে পড়ে যায়। বাসাবাড়ির পাশাপাশি শিল্পকারখানাগুলোতেও প্রচুর পানির অপচয় হয়। অপচয় রোধ করার জন্য মিটার বসানোর উদ্যোগ ইতিবাচক। এর পাশাপাশি অপচয় রোধে প্রয়োজন গণসচেতনতা। কারণ পানির অপচয় রোধ করা শুধু ওয়াসার একার পক্ষে সম্ভব নয়।
সভায় কেসিসির ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাফিজুর রহমান, ভেটেরিনারি সার্জন পেরু গোপাল বিশ্বাস, বেলার মাহফুজুর রহমান, পরিবর্তনের নির্বাহী পরিচালক নাজমুল আযম, আইআরভির শেখ খালিদ পাশা, রিলিফ ইন্টারন্যাশনালের স্বজন সাহা প্রমুখ বক্তৃতা করেন।