পানির অপচয় রোধে সমন্বিত পদক্ষেপ নিন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানির দুষপ্রাপ্যতার কথা বিবেচনা করে এর অপচয় রোধে সমন্বিত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। তিনি সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘বাংলাদেশ: ২৫ সালা পানিসম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনা’ হালনাগাদকরণ এবং সব মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট পক্ষগুলোর অংশগ্রহণে এর যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে জাতীয় পানিসম্পদ পরিষদের অষ্টম বৈঠকে তিনি এ গুরুত্বারোপ করেন। বৈঠকে পরিষদের সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ভূমিমন্ত্রী রেজাউল করিম, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং সাংসদ ও পানি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। খবর বাসসের। প্রধানমন্ত্রী সব মন্ত্রণালয়ের প্রতি ভবিষ্যতে পানিসম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পানি ব্যবস্থাপনায় সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার পানি-সংকট ও এর ভবিষ্যৎ চাহিদার কথা চিন্তা করে পানিসম্পদের যথাযথ ব্যবহারের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে। তিনি নাব্যতা বজায় রাখতে নিয়মিত নদ-নদী খননের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।নিউজিল্যান্ডের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশে নিউজিল্যান্ডের নবনিযুক্ত হাইকমিশনার (দিল্লিভিত্তিক) এভারিল এন্ডারসন গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। কেননা, উভয় দেশ শান্তি, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারবদ্ধ।দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা নিউজিল্যান্ডকে আরও বেশি বাংলাদেশের পণ্য আমদানির আহ্বান জানান।প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নিউজিল্যান্ড বাংলাদেশে বিশেষ করে শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা ও অর্থনৈতিক সমর্থন অব্যাহত রাখবে। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।