পানির অভাবে অনুপযোগী হয়ে পড়েছে ফসলি জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হালদা নদীর অনেকটাই এখন পানিশূন্য হয়ে পড়েছে। শীতের শুরু থেকে নদীর তলদেশ বালুর চরে পরিণত হয়েছে। পানির অভাবে নদীর পাড়ের ১০ কিলোমিটার এলাকায় সেচসংকটে সবজি চাষাবাদ ব্যাহত হচ্ছে। অনুপযোগী হয়ে পড়েছে নদীর পাড়ের বিস্তীর্ণ ফসলি জমি।এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে নদীর পাড়ের চাষিরা নাজিরহাট হালদার চর, পূর্ব সুয়াবিল চর, পাঁচপুকুরিয়া চর, দৌলতপুর চর, রোসাংগিরী চর, ধুরুং চর, সুন্দরপুরের বারৈয়ারহাট ও এককুলীয়া চরের প্রায় ১০ কিলোমিটার এলাকায় প্রচুর শাকসবজি আবাদ করছেন। এই আবাদের মাধ্যমে ফটিকছড়ির ধুরুং, সুন্দরপুর, সুয়াবিল, দৌলতপুর, রোসাংগিরী ইউনিয়নের প্রায় ১০ হাজার কৃষক জীবন ও জীবিকা নির্বাহ করছেন।কৃষকেরা জানান, খাগড়াছড়ি জেলার পাহাড়ের পাদদেশ থেকে নেমে আসা হালদা নদীটি মানিকছড়ি, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার মধ্যদিয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মিলিত হয়েছে। প্রতিবছর বর্ষায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের বালুতে হালদার তলদেশ ভরাট হচ্ছে। তলদেশের উচ্চতা বেড়ে যাওয়ায় নদীর পানির ধারণক্ষমতাও শূন্যের কোঠায় নেমে আসে। ফলে দুই দশক ধরে শুষ্ক মৌসুমের শুরুতে পানি শুকিয়ে এ নদী প্রায় মৃত হয়ে পড়ে।ফটিকছড়ি উপজেলার দৌলতপুর এবিসি এলাকার জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ বলেন, দুই দশক আগেও হালদার গভীরতা ছিল প্রচুর। এ নদীতে তখন প্রচুর পরিমাণে দেশীয় প্রজাতির মাছ পাওয়া যেত। নদীর পানি দিয়ে শাকসবজি ও ধান চাষাবাদ করতেন চাষিরা। এতে করে স্বাবলম্বী হয়েছেন নদীর পাড়ের অনেক কৃষক।সুন্দরপুর গ্রামের মাহাবুবুল আলম বলেন, এককুলিয়া এলাকাসংলগ্ন হালদার চরে দুই একর জমি রয়েছে। সেখানে সারা বছর সবজির চাষ হতো। বর্তমানে হালদায় পানি না থাকায় চরের জমিতে সবজির চাষ ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। এমনকি অনেক এলাকায় এখন আর সবজি চাষ হচ্ছে না।গত বুধবার সরেজমিনে দেখা যায়, ফটিকছড়ি সদর পৌরসভা থেকে দৌলতপুর এলাকা পর্যন্ত হালদা নদীতে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত ছোট-বড় অসংখ্য চর জেগেছে। বালুর চরের নিচু এলাকা দিয়ে সামান্য পরিমাণে পানি নিচের দিকে গড়িয়ে যাচ্ছে। সেখান থেকে কলসি বা বালতি ভরে পানি নিয়ে নদীর পাড়ের চাষিরা সবজি চাষাবাদে সেচ দিচ্ছেন।সবজিচাষি করিম উল্লাহ বলেন, তিন শতাধিক চাষি সবজি ও অন্যান্য অর্থকরী ফসলের চাষ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু হালদা নদীর পানি শুকিয়ে যাওয়ায় চাষাবাদ করতে পারছেন না তাঁরা। ফলে কৃষক পরিবারগুলো অভাব-অনটনে দিন কাটাচ্ছে।ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল কাশেম প্রথম আলোকে বলেন, উপজেলার সুন্দরপুর, ধুরুং, সুয়াবিল, দৌলতপুর, রোসাংগিরীসহ কয়েকটি চরের প্রায় এক হাজার হেক্টর জমির ফসল উত্পাদন হালদা নদীর পানির ওপর নির্ভরশীল। নদী শুকিয়ে যাওয়ায় চাষাবাদ ব্যাহত হচ্ছে। উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপপ্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, হালদা নদীর পানির ওপর শুধু সবজি নয়, কয়েকটি বড় বড় বিলের ধান চাষাবাদও নির্ভরশীল। কিন্তু এই নদী ভরাট হয়ে যাওয়ায় তিনটি শাখা খালও (ফটিকছড়ি, ধুরুং ও মরা ধুরুং) মরে আছে কয়েক বছর ধরে। এটি খননের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে একাধিক প্রতিবেদন পাঠানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।