
তিস্তা সেচ প্রকল্পের ভবিষ্যৎ নির্ভর করছে উজানের পানির ওপর। কিন্তু তিস্তা নদীতে পানি কম আসার কারণে সেচযোগ্য জমির আওতা কমছে। শুষ্ক মৌসুমে শুকিয়ে খাঁ খাঁ করে বালুচর। আর বর্ষাকালে পানি উপচে ভাঙনের মুখে পড়ে বসতবাড়ি, সড়ক-পুল-কালভার্ট। এর ফলে চাষাবাদ কমে বদলে যাচ্ছে এলাকার মানুষের জীবিকা।
গত ২৯ ও ৩০ মার্চ নীলফামারী জেলার ডিমলা উপজেলার তিস্তাপারের বিভিন্ন এলাকা ঘুরে ধু ধু বালুচর দেখা যায়। চরের মধ্যে ভেঙে পড়ে থাকতে দেখা যায় একাধিক সেতু। দেখা যায় স্বল্প পরিসরে তরমুজ, চিনাবাদাম, মরিচ ও মিষ্টিকুমড়ার খেত। স্থানীয় লোকজন জানান, এসব এলাকা একসময় ছিল জনপদ, আগে প্রচুর ভুট্টা ও সেচের আবাদ হলেও এখন আর তা হচ্ছে না। এখন পরীক্ষামূলক চিনাবাদাম ও তরমুজের চাষ শুরু করেছেন কৃষকেরা। আবার চলতি মাসের শুরুতে হঠাৎ অস্বাভাবিক পানি এসে এসব এলাকা প্লাবিত করে ফেলে।
স্থানীয় অধিবাসীদের অভিযোগ, বর্ষার সময় ভারত একসঙ্গে পানি ছেড়ে দেওয়ায় গ্রামের পর গ্রাম তলিয়ে সর্বস্বান্ত হয় মানুষ। আবার শুষ্ক মৌসুমে একতরফা পানি প্রত্যাহার করায় বিরানভূমিতে পরিণত হয় তিস্তাপারের মানুষ।
নীলফামারী জেলার ডালিয়া ও লালমনিরহাট জেলার দোয়ানীতে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে তিস্তা সেচ প্রকল্প চালু হয় ১৯৯৮ সালে। নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার ১২টি উপজেলার ৯১ হাজার হেক্টর জমিতে সেচ দিতে পারার কথা এই প্রকল্পে। কিন্তু এটা শুরুই হয় ৭৯ হাজার হেক্টর জমিতে সেচ দিয়ে। এরপর ক্রমাগত সেচের আওতা কমেছে।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, উজান থেকে পানি কম আসায় সেচযোগ্য জমির আওতা কমানো হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাফিউল বারী জানান, ২০১৩ সালে ৭০ হাজার হেক্টর জমিতে সেচ দেওয়া হলেও পরের বছর ২৫ হাজার হেক্টর জমিতেও সেচ দেওয়া সম্ভব হয়নি। ২০১৫ সালে ৯ হাজার ৮৬০ হেক্টরে, ২০১৬ সালে ১১ হাজার ৪৫০ হেক্টরে এবং চলতি বছরে ৩০ মার্চ পর্যন্ত ২০ হাজার ২২০ হেক্টরে সেচ দেওয়া গেছে।
পানি উন্নয়ন বোর্ডের সূত্রমতে, শুষ্ক মৌসুমে ১০ হাজার কিউসেক পানি পাওয়া গেলে প্রকল্পটি তার লক্ষ্য পূরণ করতে পারত। কিন্তু ২০১২ সালের প্রথম তিন মাসে তিস্তায় পানি পাওয়া গেছে সর্বনিম্ন ৯০০ থেকে সর্বোচ্চ ৩ হাজার কিউসেক পর্যন্ত। পরের বছর সর্বনিম্ন ১ হাজার ১০০ থেকে সর্বোচ্চ ৩ হাজার কিউসেক পানি পাওয়া গেছে। ২০১৫ ও ২০১৬ সালে সর্বনিম্নœ৫০০ কিউসেক এবং এই বছরের মার্চ পর্যন্ত পাওয়া গেছে ১ হাজার কিউসেক পর্যন্ত পানি। আবার এপ্রিলের শুরুতে অস্বাভাবিক হারে পানি আসতে থাকে এবং ৪ এপ্রিল পর্যন্ত তা ৩০ হাজার কিউসেক অতিক্রম করে। অবশ্য গতকাল শুক্রবার পানি ছিল ১০ হাজার কিউসেক।
পানি উন্নয়ন বোর্ডের রংপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাহবুব হোসেন এক প্রশ্নের জবাবে বলেন, কোনো নিয়ম মেনে পানি আসে না।
এলাকার ভুক্তভোগী লোকজন আশা করছেন, ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি হলে তাঁদের ভোগান্তি আর থাকবে না। সেটি কী ধরনের চুক্তি হবে তা জানা না থাকলেও তাঁরা মনে করছেন, চুক্তি হলে তিস্তা নদীর পানিপ্রবাহ একটা নিয়মের মধ্যে থাকবে।
ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের পূর্ব খড়িবাড়ি জিঞ্জিরপাড়া গ্রামের স্কুলশিক্ষক আবদুল বাসেদ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ‘এইটা জিঞ্জিরপাড়া, আগের সেই স্মৃতি আর নাই, এইটা একটা ঐতিহ্যবাহী গ্রাম ছিল, এই তিস্তা নদীটাই সব শেষ করেছে। দীর্ঘদিন থেকে শুনছি ভারতের সঙ্গে তিস্তার পানি চুক্তি হবে। এর আগে শুনলাম মমতার কারণে হয়নি, এখন কেউ বলছে হবে, আবার বলছে হবে না।’ তাঁর মতে, কোনো চুক্তি না থাকায় তারা সময়মতো এবং পরিমাণমতো পানি দিচ্ছে না। বর্ষায় বেশি দেয় আর খরায় দেয় না।
৫০ বছর বয়সী এই শিক্ষক বলেন, তাঁর বাবা ১০০ বিঘা জমি রেখে গেছেন। কিন্তু সব জমি এখন তিস্তার বালুচর। সেখানে আবাদ হয় না। তিনি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার আরাজি শেখ সিন্দুর গ্রামে ২০ শতক জমি কিনে বাড়ি করেছেন। আর তাঁর পাঁচ ভাই এখন দিনমজুর। আগে যে জমিতে ধান-পাট সব হতো, এখন সে জমিতে ভুট্টাও হয় না।
তিস্তা ব্যারাজ এলাকায় নতুন বসতি স্থাপন করেছেন বন্যায় সর্বস্বান্ত হওয়া বানভাসি মানুষজন। ওই এলাকাটি ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের গেস্ট হাউস ‘অবসর’-এর কাছে হওয়ায় এর নামকরণ হয়েছে ‘অবসরপাড়া’।
সেখানে এখন অবস্থান করছে প্রায় দুই শ পরিবার। এদের প্রত্যেকের ঘরবাড়ি ছিল, ছিল জমিজিরাত। আজ তারা আশ্রিত। সেখানে কথা হয় টেপাখড়িবাড়ি ইউনিয়নের টাপুর চর গ্রামের শেফালী আক্তারের (২৫) সঙ্গে। তিনি বললেন, ‘১০ বছর আগে টাবুর চর গ্রামে আমার বিয়ে হয়। এই ১০ বছরে তিস্তার ভাঙনে তিনবার বাড়ি বদলেছে। এবার গ্রামটাই ছাড়তে হয়েছে। আমাদের চার বিঘা আবাদি জমি ছিল, এখন সেটা নদীতে চলে গেছে। গেল বন্যায় স্বামী ও দুই সন্তানকে নিয়ে এখানে আশ্রয় নিয়েছি। এটাই এখন আমার ঠিকানা।’
জিঞ্জিরপাড়ার মোজাম্মেল হক (৩৫) বলেন, ‘আগে আমাদের জমিজিরাত, বাড়িঘর সব ছিল। আমাদের বাড়িতে মজুর কাজ করত। আর এখন আমরা ঢাকা, কুমিল্লা, সান্তাহার, বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকায় গিয়ে মজুর খাটছি।’
জেলেরা বেকার
প্রায় ২০ বছর ধরে তিস্তা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন লালমনিরহাট জেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী গ্রামের রহমত আলী (৫৫)। তিনি বললেন, ‘এখন নদীতে পানিও নাই, মাছও নাই। বর্ষায় অতিরিক্ত পানির কারণে নদীতে মাছ ধরা যায় না। আমরা খুব কষ্টে আছি।’
একই গ্রামের আবদুল জলিল (৫০) বললেন, সাত-আট বছর আগেও মাছ পাওয়া যেত। এখন তিস্তায় পানি না থাকায় প্রতিবছর মাছ কমে যাচ্ছে। এখন অনেক জেলে পূর্বপুরুষের এ পেশা ছেড়ে দিনমজুরের কাজে নেমেছে।
টেপাখড়িবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম বলেন, তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়ায় শুষ্ক মৌসুমে শুকিয়ে চৌচির হয়ে পড়ে তিস্তা নদী। জেগে ওঠে অসংখ্য চর। বর্ষায় হঠাৎ করে পানির ঢল নামায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে বন্যার সৃষ্টি হয়। এতে বাড়িঘর গ্রাম-গঞ্জ-হাটবাজার, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান পুল-কালভার্ট সব ভেঙে তছনছ হয়ে যায়।