পানির অভাবে পুড়ছে ১৪ হাজার হেক্টরের আমন
পানির অভাবে পাবনার চাটমোহর, নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা নিয়ে গঠিত দক্ষিণ চলনবিলের প্রায় ১৪ হাজার হেক্টর জমির বোনা আমনের গাছ পুড়ে যাওয়ার উপক্রম হয়েছে। চাটমোহর উপজেলায় নির্মিত জলকপাটের বেশ কয়েকটি দরজা বন্ধ থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ২০০৯ সালে চাটমোহর উপজেলার কিনুসকারের ধর এলাকায় প্রায় নয় কোটি টাকা ব্যয়ে পাউবো একটি জলকপাট নির্মাণ করে। গুমানী নদী ও বৃষ্টির পানি চাহিদা অনুযায়ী দক্ষিণ চলনবিলে ঢুকিয়ে চাষাবাদ ও অকাল বন্যা রোধ করার জন্য নির্মাণ করা এই জলকপাটের ২০টি পাল্লা রয়েছে।গুরুদাসপুর, বড়াইগ্রাম ও চাটমোহর উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, বর্ষার শুরু থেকেই জলকপাটের পাল্লাগুলো বন্ধ রাখায় চলনবিলে পানির সংকট দেখা দিয়েছে। চলতি বছর গুরুদাসপুর উপজেলায় পাঁচ, বড়াইগ্রামে পাঁচ এবং চাটমোহর উপজেলায় ১০ হাজার ৫০০ হেক্টর জমিতে বোনা আমন আবাদ হয়েছে। পানির অভাবে বোনা আমনের গাছ রোদে পুড়ে লালচে হয়ে যাচ্ছে।গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ও বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বর্ষার শুরুতে জলকপাট খুলে দেওয়া হয়নি। ফলে তিন উপজেলার কিছু অংশে পানি প্রবেশ করতে না পেরে কয়েক হাজার হেক্টরের বোনা আমনের গাছ পুড়ে যাওয়ার উপক্রম হয়েছে। কৃষকেরা প্রতিনিয়ত কৃষি অফিসে এসে ফসল রক্ষায় সহায়তা চাচ্ছেন। বিষয়টি নিয়ে উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভায় আলোচনা করা হয়েছে।গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহামঞ্চদ আলী জানান, কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষার জন্য চাটমোহর উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।পাউবোর ডেমরা উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী এস এম আবদুস সাত্তার জানান, জলকপাটটি অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে। এ কারণে প্রয়োজনের সময় এটি দিয়ে চলনবিলে পানি ঢোকানো যাচ্ছে না। বিষয়টি তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘শুরুতে বন্ধ থাকলেও কৃষি ও কৃষকের স্বার্থে এখন জলকপাটের পাঁচটি দরজা খুলে দেওয়া হয়েছে। গুমানী নদীর পানি এসব দরজা দিয়ে দক্ষিণ চলনবিলে ঢুকছে। আশা করছি দ্রুত সময়ে কৃষিতে প্রাণ ফিরে আসবে।’