পানির অভাবে দক্ষিণ চলনবিলের প্রায় ২১ হাজার হেক্টর জমিতে আমন ধান শুকিয়ে মরার উপক্রম হয়েছে। সেই সঙ্গে পাট নিয়ে বিপাকে পড়েছে মানুষ। বিলের উৎসমুখের একমাত্র জলকপাটটি বন্ধ থাকায় বিলে পানি ঢুকতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।কৃষি বিভাগ জানিয়েছে, বৃষ্টিহীনতা ও পানির সংকটের কারণে আমনের চারা বেড়ে উঠতে পারছে না। রোদে পুড়ে ধানের চারা লালচে হয়ে যাচ্ছে। এসব ধানগাছে ফুল আসার আগে পানি না এলে জমি থেকে কোনো ধান পাওয়া যাবে না।জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অর্থায়নে ২০০৯ সালে পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের কিনু সরকারের ধর নামক স্থানে প্রায় নয় কোটি টাকা ব্যয়ে ২০ কপাটবিশিষ্ট একটি জলকপাট নির্মিত হয়। উদ্দেশ্য ছিল, উজানের ঢলের পানি চাহিদামতো দক্ষিণ চলনবিলে ঢুকিয়ে আবাদ করা এবং বেশি পানি হলে গেট বন্ধ করে অকালবন্যা রোধ করা।চলতি মৌসুমের শুরু থেকেই গেটটি বন্ধ রাখায় পানির সংকট সৃষ্টি হয়েছে। কৃষি বিভাগে ধরনা দিলেও জলকপাটটি খুলে দিচ্ছে না বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। বাধ্য হয়ে চলনবিলের কয়েক হাজার কৃষক ‘ফসল বাঁচাও-কৃষক বাঁচাও, জলকপাট খুলে দাও’ দাবিতে গত মঙ্গলবার দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মানববন্ধন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া জলকপাট পরিচালনা কমিটির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, প্রবীণ শিক্ষক মো. আজাহার আলীসহ স্থানীয় কৃষকেরা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল জলকপাটটি আটকে রেখে মাছের বাণিজ্য করছে। কিছু অসাধু কর্মকর্তা তাঁদের ইচ্ছামতো গেট খুলে ও আটকে রাখেন। এতে করে দক্ষিণ চলনবিলের কৃষক ফি বছরই সময়মতো ফসলের জমিতে পানি পান না।গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা বাবলু কুমার সূত্রধর ও বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা বলেন, কৃষি ও কৃষকের দুরবস্থা দেখে জলকপাটটি খুলে দেওয়ার জন্য পাউবোর পাবনা অফিসে দেনদরবার করেও ব্যবস্থা করা যায়নি।পাউবোর উপবিভাগীয় প্রকৌশী এস এম আবদুস সাত্তার (ডেমরা উপবিভাগ) মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জলকপাটটি মূলত বন্যানিয়ন্ত্রণের জন্য নির্মিত হয়েছে। এর উদ্দেশ্য অকালবন্যা রোধ এবং শুকনা মৌসুমে গুমানী নদী থেকে পানি পর্যায়ক্রমে চলনবিলে ঢুকিয়ে বোরো আবাদ করা। এখন ইচ্ছা করলেই গেট খোলা বা আটকানো যায় না। প্রভাবশালী ও মৎস্যজীবীদের কাছ থেকে টাকা নিয়ে গেট আটকে রাখার অভিযোগ সত্য নয়।গত সোমবার জলকপাট এলাকায় গিয়ে দেখা গেছে, গেটটির ২০টি কপাটের মধ্যে মাত্র একটি দিয়ে কোনোমতে গুমানী নদী থেকে পানি ঢুকছে। গেটের সামনের অংশে কচুরিপানা দিয়ে ভরা। সেখানে প্রায় ১০ ফুট পানির উচ্চতা থাকলেও গেট বন্ধ থাকায় পানি ঢুকতে পারছে না।নটাবাড়িয়ার কৃষক তোফজ্জল সরকার অভিযোগ করেন, জলকপাটের অদূরেই তার ১২৫ বিঘা জমি রয়েছে। পানির অভাবে চোখের সামনে রোদে পুড়ে যাচ্ছে ধানের গাছ। কিন্তু তিনি কিছু করতে পারছেন না। একই গ্রামের কৃষক রবিউল করিম জানান, গত বছর গেট খোলা থাকায় পানির সমস্যা ছিল না। এ বছর শুরু থেকেই গেট বন্ধ থাকায় তাঁর ১৫-১৬ বিঘা জমির ধান পুড়ছে। তাঁর মতো চাটমোহর উপজেলার ছাইকোলা, হরিপুর, ডিবিগ্রাম, গুনাইগাছি, মূলগ্রাম ইউনিয়নের কৃষকেরা এবার পানির অভাবে আমনের আবাদ করতে পারছেন না।