পানির অভাবে মৎস্য উৎপাদনে বিপর্যয়
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রতিবছর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা ছাড়া হয়। এক ফোঁটা পানি না থাকায় গতকাল শনিবার শুরু হওয়া মৎস্য সপ্তাহে এই প্রথমবারের মতো ওই পুকুরে পোনা ছাড়া সম্ভব হচ্ছে না।আষাঢ় মাসের শেষের দিকে এসেও চৈত্রের খরার মতো পুকুরটির তলদেশের মাটি ফেটে চৌচির অবস্থা। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, জেলার অধিকাংশ এলাকার পুকুর ও জলাশয়েরই একই অবস্থা। পানির অভাবে এবার উপজেলায় মৎস্য উৎপাদন অর্ধেকের বেশি হ্রাস পেয়েছে বলে মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন। উপজেলা সদরের নিউমার্কেটের মাছ বাজারের আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার বরেন্দ্র অঞ্চলসহ বিভিন্ন স্থানের পুকুরগুলো থেকে এ বাজারে প্রতিদিন গড়ে এক হাজার মণ মাছ আসে। কিন্তু বেশ কিছুদিন থেকে এ সরবরাহ কমে গিয়ে নেমে এসেছে ৪০০-৫০০ মণে। পানি না থাকায় নদী ও খাল-বিলে মাছ নেই বললেই চলে। সরবরাহ কম হওয়ায় মাছ বিক্রিও হচ্ছে চড়ামূল্যে। চাঁপাইনবাবগঞ্জ মৎস্য ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ আবদুল খালেক জানান, প্রতি তিন মাস পরপর পুকুরগুলোতে পোনা ছাড়া হয়। বৈশাখ মাসে ছাড়া পোনা ধরা হয় আষাঢ় মাসে। এরপর আষাঢ় মাসে আবার পোনা ছাড়া হয়। কিন্তু পানির অভাবে চলতি আষাঢ় মাসেও অধিকাংশ পুকুরে পোনা ছাড়া সম্ভব হয়নি। বৈশাখে ছাড়া অধিকাংশ পোনা পানির অভাবে মারা যাওয়ায় মাছের উৎপাদনও কমে গেছে। সদর উপজেলার জিলিম ইউনিয়নের চটিগ্রামের আদিবাসীরা সমবায় ভিত্তিতে স্থানীয় চারটি খাস পুকুরে মাছ চাষ করে। কিন্তু এবার তিনটি পুকুরই পানিশূন্য। একটি পুকুরে পানি আছে সামান্য। স্থানীয় বাসিন্দা গুপেন কোল জানান, যেসব পুকুরে প্রতি মৌসুমে মাছ হতো ১২-১৪ মণ, পানি শুকিয়ে যাওয়ার কারণে সেসব পুকুরে মাছ পাওয়া গেছে মাত্র তিন মণ। পুকুরগুলোতে পানি না থাকায় চলতি আষাঢ় মাসে এখনো পর্যন্ত পোনা ছাড়া হয়নি।নাচোল উপজেলার নেজামপুরের মৎসচাষি আবু তাহের বলেন, ‘আমি সাতটি পুকুরে মাছ চাষ করি। এর মধ্যে তিনটি পুকুরে এক ফোঁটাও পানি নেই।’ অন্যগুলোতে পানির পরিমাণ খুবই সামান্য। এলাকার সব পুকুরের অবস্থা একই রকম বলে জানান তিনি। জেলা মৎস্য কর্মকর্তা একরামুল ইসলাম বলেন, মূলত পুকুরে উৎপাদিত মাছের ওপরই নির্ভরশীল জেলার মাছের বাজারগুলো। এ বছর বৃষ্টিপাত কম হওয়ার কারণে অধিকাংশ পুকুরই পানিশূন্য। ফারাক্কা বাঁধের কারণে নদীগুলোর অবস্থাও খারাপ। নদীতে মাছের উৎপাদন আগের তুলনায় খুবই কম।