পানির অভাবে রান্না বন্ধ সাত দিন
পানির পাম্প নষ্ট হয়ে নেত্রকোনা সেবিকা প্রশিক্ষণ কেন্দ্রে (নার্সিং ইনস্টিটিউট) সাত দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। পানির অভাবে অধ্যয়নরত সেবিকারা দুর্ভোগ পোহাচ্ছেন। সেবিকা প্রশিক্ষণ কেন্দ্র সূত্র জানায়, আবাসিক প্রশিক্ষণ কেন্দ্রটিতে বর্তমানে ৬০ জন সেবিকা অধ্যয়ন করছেন। কেন্দ্রের দ্বিতীয় ও তৃতীয় তলায় তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা ইউনিটের (সিএমএমইউ) স্থাপিত একটি পাম্পের সাহায্যে প্রশিক্ষণ কেন্দ্রের ভবনে পানি সরবরাহ করা হয়। কিন্তু এ পাম্প দিয়ে কিছু দিন ধরে ঠিকমতো পানি উঠছে না। পানির পাম্প বিকল হয়ে ১৯ জানুয়ারি থেকে পানি উত্তোলন একেবারে বন্ধ হয়ে গেছে। গতকাল সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, বোতল দিয়ে পানি নিয়ে অনেকেই নিচ থেকে ভবনের আবাসিক কক্ষে দ্বিতীয় ও তৃতীয় তলায় উঠছেন। ছাত্রীরা অভিযোগ করেন, পানির অভাবে সাত দিন ধরে তাঁরা গোসল করতে পারছেন না। রান্নাও করা যাচ্ছে না। হাসপাতাল থেকে ফিরে পানির অভাবে ভালো করে হাতমুখ ধোয়া যায় না।কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রশিক্ষক শিখা রায় জানান, পানি সরবরাহ বন্ধ থাকায় ছাত্রীরা গোসল বা রান্না কোনোটাই ঠিকমতো করতে পারছেন না। এতে প্রশিক্ষণও ব্যাহত হচ্ছে। ছাত্রীরা ছুটি নিয়ে চলে যেতে চাচ্ছেন। পাম্প নষ্ট হওয়ার বিষয়টি সিভিল সার্জনের মাধ্যমে সিএমএমইউ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত পাম্প মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিএমএমইউ ময়মনসিংহ বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফুল করিম জানান, বিষয়টি সিভিল সার্জন তাঁকে জানিয়েছেন। লোকবলের অভাবে পানির পাম্পটি মেরামত করতে একটু সময় লাগছে। খুব শিগগির পাম্পটি মেরামত করে পানির ব্যবস্থা করা হবে।