পানির অভাবে সাঁথিয়ায় পাট জাগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানির অভাবে পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ও আতাইকুলা ইউনিয়নের প্রায় এক হাজার ২০০ হেক্টর জমির পাট জাগ দিতে পারছেন না কৃষকেরা। তাঁরা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাছে পানি সরবরাহের জন্য আবেদন করেছিলেন। কিন্তু পাউবো পানি সরবরাহ করেনি। এতে পাটের জাগ দিতে কৃষকদের সমস্যা হচ্ছে।পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্থানীয় কৃষকেরা জানান, পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের আই-৩ ও এস-১৯ সেচখালের আওতায় এ বছর প্রায় এক হাজার ২০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। কিন্তু পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় এসব এলাকার খালে পানি জমেনি। এতে পানির অভাবে কৃষকেরা পাট জাগ দিতে পারছেন না। ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুুল গফুর জানান, চলতি বছর এ এলাকায় পাটের বাম্পার ফলন হয়েছে। কিন্তু পানির অভাবে স্থানীয় কৃষকেরা পাট জাগ দিয়ে পচাতে পারছেন না। ক্ষেতুপাড়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা ধীরেন্দ্রনাথ বিশ্বাস জানান, পানি ছাড়া পাটের আঁশ ছাড়ানোর যে নতুন পদ্ধতি এসেছে, তা এখনো এই এলাকার কৃষকেরা সঠিকভাবে ব্যবহার করতে পারছেন না। এ ছাড়া এই এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাত্র ১৯টি মেশিন বরাদ্দ দিয়েছে। তাই পাটের আঁশ ছাড়ানোর জন্য কৃষকদের এখন পানির প্রয়োজন।পাবনা পাউবোর নির্বাহী প্রকৌশলী কবিবুর রহমান বলেন, এই প্রকল্পের পানি বোরো আবাদের জন্য, পাট জাগ দেওয়ার জন্য নয়। পাট জাগের জন্য পানি সরবরাহ করলে কৃষকেরা বাঁধ কেটে মাটি তুলবেন এবং ময়লা-আবর্জনা দিয়ে সেচখাল বন্ধ করে দেবেন। পরে ময়লা-আবর্জনা সরিয়ে পানি সরবরাহ করতে গেলে পাউবোকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে। এ জন্য সরকারি বরাদ্দ নেই। তাই কৃষকেরা আবেদন করলেও পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না।