পানির উৎস কমে যাওয়া ও সরু সড়ক বড় বাধা

প্রতিবছর চট্টগ্রাম নগরে অগ্নিকাণ্ডের ঘটনা বাড়লেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা ও জনবল সেভাবে বাড়েনি। একসঙ্গে নগরের দু-তিনটি এলাকার বহুতল ভবন ও কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তা সামাল দেওয়া কঠিন হবে বলে মনে করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এ ছাড়া নগরে পানির উৎস কমে যাওয়া, অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ, অপ্রশস্ত রাস্তার কারণেও অগ্নিকাণ্ডের সময় দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সমস্যায় পড়তে হয় বলে জানান তাঁরা।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম নগরে গত বছর ৫১২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় পুড়েছে সাড়ে ৮ কোটি টাকার বেশি সম্পদ। এর আগে ২০১৪ সালে আগুন লাগার ঘটনা ৫০৩টি। ২০১৩ সালে এমন ঘটনা ছিল ৪৪০টি।
চট্টগ্রামে ফায়ার সার্ভিসের আধুনিক সরঞ্জামের মধ্যে একটি ‘স্নোরকেল ল্যাডার’ (সাততলা পর্যন্ত অগ্নিনির্বাপণ সক্ষমতাসম্পন্ন গাড়ি) ও একটি ‘অ্যারিয়াল ল্যাডার প্ল্যাটফর্ম’ (১৮ তলা পর্যন্ত আগুন নেভাতে ব্যবহৃত গাড়ি) রয়েছে বলে জানান কর্মকর্তারা। স্নোরকেল ল্যাডার সম্প্রতি জিইসি মোড়ের সেন্ট্রাল প্লাজায় অগ্নিকাণ্ডের সময় উদ্ধারকাজে ব্যবহার করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, ‘আমাদের বহুতল ভবনে আগুন নেভানো এবং উদ্ধারের জন্য দুটি গাড়ি রয়েছে। তবে একসঙ্গে একাধিক বহুতল ভবনে আগুন লাগলে সংকট দেখা দেবে। সাততলা পর্যন্ত সক্ষম গাড়িটি ব্যবহৃত হয় মাঝেমধ্যে। ১৮ তলা ক্ষমতাবিশিষ্ট গাড়িটি এখনো খুব একটা ব্যবহার হয়নি। তবে আমাদের আরও যন্ত্রপাতি এবং জনবল দরকার।’
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় সদর দপ্তর আগ্রাবাদে ওই দুটি গাড়িসহ মোট ২৯টি বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে। এর মধ্যে বিশেষ পানিবাহী গাড়ি দুটি, ইমার্জেন্সি টেন্ডার গাড়ি, দুটি অ্যাম্বুলেন্স, কেমিক্যাল টেন্ডার একটি, ফোম টেন্ডার গাড়ি রয়েছে। এ ছাড়া ছয়টি পাম্প রয়েছে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক সমরেন্দ্র নাথ বিশ্বাস বলেন, ‘আমাদের সক্ষমতা আগের চেয়ে বেড়েছে। তবে বহুতল ভবনে কাজ করার যে আধুনিক গাড়ি আছে, সেটি সব জায়গায় নেওয়া যাবে না। কারণ চট্টগ্রামে রাস্তাঘাট ছোট। এ ছাড়া জনবলের সংকট রয়েছে। দু-তিনটি ভবনে একসঙ্গে দুর্ঘটনা ঘটলে সমস্যা হতে পারে। নতুন বহুতল ভবনের অনেকগুলোই নিয়মকানুন ঠিকমতো মেনে তৈরি করা হচ্ছে না।’
চট্টগ্রাম নগরে আটটি এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ১২টি ফায়ার স্টেশন রয়েছে। এসব স্টেশনে একটি বা দুটি পানিবাহী গাড়ি এবং দুই থেকে তিনটি পাম্প ছাড়া বলার মতো অগ্নিনির্বাপণ সরঞ্জাম নেই বলে জানান কর্মকর্তারা।
সড়ক দুর্ঘটনা এবং পাহাড়ধসে উদ্ধারকাজ চালানোর জন্য চট্টগ্রামে পর্যাপ্ত পরিমাণে সরঞ্জাম নেই বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এ বিষয়ে উপসহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘দুর্ঘটনাকবলিত গাড়ি টেনে আনতে আমাদের যে রেকার দরকার, তা নেই। এ ছাড়া একাধিক স্থানে পাহাড়ধস হলে আমরা সমস্যায় পড়ি। তাই বিভিন্ন সময় পাহাড়ধসের ঘটনায় বিভিন্ন বাহিনীর সহযোগিতা নিতে হয়।’
নগরের সরু সড়ক, পানির উৎস কমে যাওয়ার কারণে অনেক ক্ষেত্রে বহুতল ভবন, পোশাক কারখানা ও কলকারখানার আগুন নেভাতে দীর্ঘ সময় লেগে যায়। গত ২২ জুন নগরের ইপিজেডে একটি কারখানায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৪টি গাড়ির সময় লেগেছিল প্রায় আট ঘণ্টা।
জানতে চাইলে আগ্রাবাদ ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ‘ইপিজেডে আমরা নগরের পাঁচটি ফায়ার স্টেশন থেকে গাড়ি এনে সারা রাত ধরে আগুন নেভাতে কাজ করতে হয়েছে। সুতার কারণে ওখানে আগুন বেশি ছড়িয়ে পড়েছিল। এ ছাড়া কারখানাটির চারপাশে গাড়ি চলাচলের কোনো জায়গা ছিল না।’