পানির উৎস রক্ষায় সর্বোচ্চ মহলের উদ্যোগ দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে পানির যত উৎস রয়েছে, প্রায় সব কটি আজ হুমকির মুখে। উজানে পানি প্রত্যাহার হচ্ছে কিন্তু ন্যায্য হিস্যা পাওয়ার উদ্যোগ কম। নদীর পানি শিল্পকারখানাগুলো দূষণ করছে, প্রতিকার নেই। পানি নীতিতে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমানোর কথা বলা হয়েছে। কিন্তু ভূগর্ভের পানি উত্তোলন বাড়ছে। এই পরিস্থিতিতে দেশের সর্বোচ্চ নীতিনির্ধারকদের কাছ থেকে পানির উৎসরক্ষায় কার্যকর উদ্যোগ ছাড়া উপায় নেই।
গতকাল বুধবার রাজধানীর পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মিলনায়তনে আয়োজিত জাতীয় পানি সম্মেলন-২০১৬-এর উদ্বোধনী অধিবেশনে বেশির ভাগ বক্তা এসব কথা বলেছেন। তাঁরা উন্নয়নের নামে নদী ও পানির উৎস ধ্বংসের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সরকারের কাছে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ দাবি করেন।
দুই দিনব্যাপী ওই সম্মেলনের আয়োজন করেছে পিকেএসএফ, বাংলাদেশ উন্নয়ন পরিষদ (বিইউপি) ও এনজিও ফোরাম অন পাবলিক হেলথ। দেশের শীর্ষস্থানীয় পানিবিশেষজ্ঞ, গবেষক, সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর নীতিনির্ধারকেরা এতে বক্তব্য দেন। দুই দিনে ১৩টি সেশনে দেশের পানি খাতের বিভিন্ন বিষয় নিয়ে এই সম্মেলনে আলোচনা হচ্ছে।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বিভিন্ন সময়ে নানা ধরনের তৎপরতার কারণে আজ দেশের পানির বেশির ভাগ উৎস হুমকির মুখে। শিল্পপ্রতিষ্ঠানগুলোর অবৈধ দখল ও মানুষের অসচেতনতার কারণে প্রতিনিয়ত ভূগর্ভ ও মাটির ওপরের পানি ধ্বংস হচ্ছে। সরকার এই পরিস্থিতি থেকে উত্তরণে নানা ধরনের উদ্যোগ নিচ্ছে। আন্তসীমান্ত নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘আমরা ছোটবেলায় পাঠ্যবইতে পড়েছি, পৃথিবীর ১ ভাগ স্থল ও ২ ভাগ পানি। কিন্তু ওই পানির ১ শতাংশের ৪ ভাগের ৩ ভাগ ব্যবহারের উপযোগী। দিনে দিনে ওই পানিও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। ফলে মানবসভ্যতা টিকিয়ে রাখতে হলে সুপেয় পানি রক্ষা করতে হবে।’
নদী রক্ষাবিষয়ক পর্বে মূল প্রবন্ধ উত্থাপন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও ওয়াটার কিপারস বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বলেন, হিমালয়ের উৎস থেকে নিচের দিকে নদীগুলো যত এগিয়েছে, তার প্রতি পদে বাধা সৃষ্টি করা হয়েছে। বাঁধ, সড়কসহ নানা ধরনের অবকাঠামো তৈরি করে নদীর গতিপ্রবাহে বাধা সৃষ্টি করা হয়েছে। উজানের দেশ ভারত ও ভাটির দেশ বাংলাদেশ—উভয়ে একই কাজ করেছে। পানির যথেচ্ছ দূষণ ও ব্যবহারের ফলে নদীগুলো আজ মৃতপ্রায়।
পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদেরের সঞ্চালনায় তাতে আরও বক্তব্য দেন নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলাম, বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপের চেয়ারম্যান খন্দকার আজহারুল হক।