
পানি বিষয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে নতুন একটি বৈশ্বিক তহবিল গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই তহবিল দিয়ে পানি বিষয়ে টেকসই উন্নয়ন অর্জনে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি হস্তান্তর করার সুপারিশ করেছেন তিনি।
মরক্কোর মারাক্কেশে জাতিসংঘের ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-২২) শীর্ষ পর্যায়ের বৈঠকে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী এ প্রস্তাব দিয়েছেন। বাংলাদেশ সময় গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তিনি বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুতদের চ্যালেঞ্জের বিষয়টিকে সঠিকভাবে তুলে ধরতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাস্তুচ্যুতদের এই চ্যালেঞ্জ মোকাবিলা না করে কখনোই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রায় পৌঁছানো যাবে না।
স্থানীয় সময় মঙ্গলবার দুপুর থেকে সম্মেলনের উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়। বিশ্বের ৫৪টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ১২০টি দেশের মন্ত্রী ও মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা এতে বক্তব্য দেন। রাষ্ট্র ও সরকারপ্রধানদের পর্বে প্রথম বক্তব্য দেন আফ্রিকার দেশ মালির প্রেসিডেন্ট বাওবাকার কিয়েটা। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেন।
সম্মেলনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে স্থানীয় সময় সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারাক্কেশে পৌঁছান। মঙ্গলবার সকালে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ দিয়ে দুপুরে মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে যোগ দেন।
শেখ হাসিনা বক্তৃতায় বলেন, প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর ও অনুসমর্থন দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের প্রথম সারির দেশ। বাংলাদেশ প্রথম দেশ, যারা নিজস্ব সম্পদ থেকে ৪০ কোটি ডলার বরাদ্দ দিয়ে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করেছে। তিনি বলেন, ‘আমরা দুর্যোগ মোকাবিলায় সফলতা পেয়েছি। দুর্যোগে আগাম পূর্বাভাসব্যবস্থাকে শক্তিশালী করা ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং নদী খননের মাধ্যমে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেক কমিয়েছি।’
শেখ হাসিনা বলেন, ‘জাতিসংঘের পানিবিষয়ক উচ্চপর্যায়ের প্যানেলের সদস্য হিসেবে আমার সরকার গত সেপ্টেম্বরে নিউইয়র্ক কর্মপরিকল্পনা বাস্তবায়নকে সমর্থন করে। আমরা পানি বিষয়ে সুশাসন নিশ্চিত করার মাধ্যমে নিরাপদ খাওয়ার পানি ও স্যানিটেশন-ব্যবস্থা নিশ্চিত করেছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘গত বছর প্যারিসে আমরা সম্মিলিতভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি শক্ত ভিত্তি তৈরি করেছিলাম। এখন আমাদের ওই পথ ধরে সামনে এগিয়ে যাওয়ার সময়, সিদ্ধান্তকে কাজে পরিণত করার সময়।’ তিনি বলেন, ‘বিশ্বকে নিরাপদ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভালো স্থান হিসেবে গড়ে তুলতে হলে আমাদের সমান অংশীদারত্বের মাধ্যমে এগোতে হবে।’
আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ, সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রী বারনাবাস শিবোসিসো, কেনিয়ার প্রেসিডেন্ট উরো কেনিয়াত্তা, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামি প্রমুখ।
সম্মেলনে উচ্চপর্যায়ের আলোচনা শুরুর আগে জাতিসংঘের মহাসচিব বান কি মুন আরেক দফা বক্তৃতা দেন। বক্তব্যে তিনি ধনী রাষ্ট্রগুলোকে ২০২০ সালের মধ্যে সবুজ জলবায়ু তহবিলে এক হাজার কোটি ডলার তহবিল দ্রুত দেওয়ার জন্য আহ্বান জানান। যাতে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলো অভিযোজন ও কার্বন নিঃসরণ কমানোর কাজ করতে পারে।
প্রধানমন্ত্রী সম্মেলনে বাংলাদেশের ৫৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বার্তা সংস্থা বাসস জানায়, জলবায়ু সম্মেলনে যোগদান শেষে প্রধানমন্ত্রী স্থানীয় সময় গতকাল বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দেশের উদ্দেশে মারাক্কেশ ত্যাগ করেন। ফ্লাইটটি আজ বৃহস্পতিবার সকালে ঢাকা পৌঁছাবে।
প্যারিস চুক্তির কার্যকর বাস্তবায়ন চায় বাংলাদেশ: প্যারিস জলবায়ু চুক্তির দ্রুত কার্যকর বাস্তবায়ন চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সবুজ জলবায়ু তহবিল থেকে সহজ শর্তে সরাসরি অর্থায়ন দেওয়ারও দাবি জানিয়েছে।
গতকাল বুধবার মারাক্কেশে বিশ্ব জলবায়ু সম্মেলনকেন্দ্রে সংবাদ সম্মেলনে বাংলাদেশ এসব দাবি জানায়। প্যারিস চুক্তি বাস্তবায়নের রূপরেখা তৈরির অগ্রগতিকে ধীরগতি হিসেবে চিহ্নিত করে তা দ্রুততর করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামালউদ্দিন আহমেদ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত।
বনমন্ত্রী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে ইতিমধ্যে ভুগতে শুরু করেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ প্যারিস চুক্তির কার্যকর বাস্তবায়নের ব্যাপারে অনেক বেশি আশা করে। বাংলাদেশ গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে প্যারিস চুক্তির অনুমোদন দিয়েছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশ চায় এই শতাব্দীর মধ্যে বিশ্বের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি যাতে না বাড়ে। প্যারিস চুক্তি বাস্তবায়নের প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোর মধ্যে এই চুক্তি কীভাবে বাস্তবায়ন করা হবে তা আইনি দিকনির্দেশনা (প্যারিস রুলবুক), কার্বন নিঃস্বরণ কমানোর স্বেচ্ছাপ্রণোদিত অঙ্গীকারনামার (এনডিসি) বিধিমালা দ্রুত তৈরি হোক, এটা বাংলাদেশ চায়। তিনি বলেন, সব দেশ যদি ওই চুক্তিতে স্বাক্ষর করে, তাহলে প্যারিস চুক্তি দ্রুত বাস্তবায়নের ব্যাপারে বিশ্বনেতাদের ওপর চাপ তৈরি হবে।
আনোয়ার হোসেন বলেন, ‘জলবায়ু সমঝোতার আলোচনায় আমাদের কাছে অর্থায়ন গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজনের জন্য অর্থায়নকে গুরুত্ব দেয়। কিন্তু এখন পর্যন্ত জলবায়ু খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের ব্যাপারে আলোচনায় তেমন অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। শিল্পোন্নত দেশগুলো ২০২০ সাল পর্যন্ত ৬ হাজার ৭০০ কোটি ডলার এই খাতে দেওয়ার অঙ্গীকার করেছে। কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা বলে, এই অর্থায়ন আমাদের আশা অনুযায়ী এবং সময়মতো হবে না। বাংলাদেশ এই তহবিল থেকে সরাসরি অর্থ প্রাপ্তির নিশ্চয়তা চায়।’
পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতির (লস অ্যান্ড ডেমেজ) বিষয়টি বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের জন্য গুরুত্বপূর্ণ। প্যারিস চুক্তির শর্ত অনুযায়ী ঝুঁকি স্থানান্তর ও জলবায়ু বাস্তুচ্যুতদের জন্য একটি টাস্কফোর্স গঠনের কথা ছিল। এখনো তা হয়নি। দ্রুত এ দুটি জরুরি কাজ করতে হবে।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রযুক্তি চেয়ে এ-বিষয়ক সংস্থা জলবায়ু প্রযুক্তি যোগাযোগকেন্দ্র ও নেটওয়ার্কের (সিটিসিএন) কাছে পাঁচটি প্রকল্প জমা দিয়েছে। শুরুতে আমাদের দুটি প্রকল্প দেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখন বলা হচ্ছে তহবিল নেই। তাই আমাদের দাবি, শিল্পোন্নত দেশগুলোর উচিত এই খাতে যথেষ্ট অর্থায়ন করা।’
প্রধানমন্ত্রী পানি খাতে একটি বিশ্ব তহবিল গঠনের যে প্রস্তাব সম্মেলনে তুলেছেন, তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, জলবায়ু পরিবর্তনের আলোচনায় পানির বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুল কাদের।