পানির কষ্টে নোয়াখালী শহরের বাসিন্দারা
লোডশেডিংয়ের কারণে পানির কষ্টে আছেন নোয়াখালী শহরের বাসিন্দারা। তার ওপর পৌরসভা থেকে যে পানি সরবরাহ করা হয়, তার বেশির ভাগই অবৈধ পাম্পের মাধ্যমে টেনে নেন একশ্রেণীর গ্রাহক। এতে খাওয়ার পানিটুকুও পান না অনেক এলাকার বাসিন্দারা। নোয়াখালী শহরের বাসিন্দারা এসব কথা বলেন।
সূত্রমতে, সাম্প্রতিক সময়ে অবৈধ পাম্পের সাহায্যে পানি চুরির প্রবণতা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় নাগরিকদের দুর্ভোগ আরও বেড়ে গেছে।
শহরের নাপিতের পোল এলাকার বাসিন্দা আলী হায়দার অভিযোগ করেন, ২০০৫ সালে পানি সরবরাহ শুরু হওয়ার পর থেকে গড়ে প্রতিদিন তিনবার পানি সরবরাহ করা হতো। বর্তমানে দুবারও ঠিকমতো পানি দেওয়া হয় না। প্রায়ই পানি সরবরাহ চালু করার ১৫-২০ মিনিটের মধ্যেই আবার বন্ধ হয়ে যায়।
শহরের কানুগাজি মসজিদ এলাকার বাসিন্দা আবদুর রহমান বলেন, ওই এলাকাসহ আশপাশের এলাকার অনেক গ্রাহকই পৌরসভার ভূগর্ভস্থ পানির পাইপের সঙ্গে অবৈধভাবে পাম্পের সংযোগ দিয়ে পানি টেনে নেন। এতে কয়েক দিন ধরে খাওয়ার জন্য একটু পানিও পাওয়া যাচ্ছে না।
পৌরসভার পানি শাখা সূত্র জানায়, নোয়াখালী পৌর এলাকার ভূগর্ভে পানির স্তর ভালো না হওয়ায় শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে একলাশপুর এলাকা থেকে পাম্পের সাহায্যে পানি শহরে আনা হয়। এখানে প্রক্রিয়াজাত করে তা তিনটি ওভারহেড ট্যাংকের মাধ্যমে গ্রাহকদের সরবরাহ করা হয়।
পৌরসভা সূত্র জানায়, একলাশপুর থেকে শহরে পানি এনে তা গ্রাহকপর্যায়ে পৌঁছানোর জন্য পাঁচটি বিদ্যুৎ লাইনের ওপর নির্ভর করতে হয়। লোডশেডিংয়ের কারণে পানি উত্তোলন ও সরবরাহে বিঘ্ন ঘটে। এ ছাড়া পৌরসভার ভূগর্ভস্থ পাইপের সঙ্গে অবৈধভাবে বসানো পাম্পের সংযোগ দিয়ে পানি চুরি করে নেওয়ার কারণে সাধারণ গ্রাহকেরা পানির সুবিধা থেকে বঞ্চিত হন।
পানি শাখার তত্ত্বাবধায়ক নুর আলম বলেন, ‘পৌরসভার পানি সরবরাহব্যবস্থা পাঁচটি বিদ্যুৎ লাইনের ওপর নির্ভর। এটি এমনিতেই পানি সরবরাহের জন্য একটি বড় সমস্যা। তার ওপর বর্তমানে বিদ্যুতের লোডশেডিং সমস্যা চরম আকার ধারণ করেছে। তা ছাড়া একশ্রেণীর অসাধু লোক অবৈধ পাম্প বসানোয় সাধারণ গ্রাহকেরা পানি পান না। এ নিয়ে প্রতিবাদ করলে উল্টো অপমান-অপদস্থ হতে হয়।’
মেয়র হারুনুর রশিদ আজাদ বলেন, বিভিন্ন এলাকার বাসিন্দাদের পানি না পাওয়ার অন্যতম কারণ হলো অবৈধ পাম্পের সংযোগ। একশ্রেণীর লোক পৌরসভার পানির পাইপের সঙ্গে অবৈধভাবে পাম্পের সংযোগ দিয়ে পানি তুলে নেন। এ বিষয়ে শিগগিরই কঠোর পদক্ষেপ নেওয়া হবে।