পানির কষ্টে পুরান ঢাকার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার দীননাথ সেন রোড, সতীশ সরকার লেনসহ গেন্ডারিয়া এবং পার্শ্ববর্তী ধূপখোলা এলাকায় পানি নেই। অন্যদিকে সদরঘাট, শাঁখারীবাজার, তাঁতীবাজার ও আশপাশের এলাকায় পানির সরবরাহ থাকলেও ময়লা ও দুর্গন্ধ থাকায় তা ব্যবহারের প্রায় অনুপযোগী।
গতকাল সোমবার এলাকা ঘুরে পানির এই দুরবস্থার কথা জানা যায়। দীননাথ সেন রোডে ওয়াসার গভীর নলকূপের পানির পাম্প বন্ধ হয়ে যাওয়ায় তিন দিন ধরে আশপাশের এলাকার মানুষ পানির কষ্টে আছেন।
দীননাথ সেন লেনের বাসিন্দা শাহাবুদ্দীন বলেন, আগে থেকেই পানি কম পাওয়া যেত। কিন্তু তিন দিন ধরে পানি একেবারেই আসছে না। বোতলজাত পানি কিনতে হচ্ছে।
সতীশ সরকার লেনের বাসিন্দা অখিল রায় বলেন, ‘গত কয়েক দিনের গরম সহ্য করার মতো নয়। রোদে বেরোলেই মাথা ঘুরে যাচ্ছে, ঘাম হচ্ছে। এই অবস্থায় একাধিকবার স্নান করতে ইচ্ছে হয়, কিন্তু গত তিন দিন একবারও করা হয়নি।’ একই বক্তব্য ধূপখোলার আসলামুল ইসলামের। তিনি ব্যঙ্গ করে বলেন, ‘গরমে ঘামেই গোসল হয়ে যাচ্ছে। কিন্তু ওই গোসলে অসুস্থ হয়ে যাচ্ছে পরিবারের সবাই।’
গেন্ডারিয়ার বাগিচায় মাঝে মাঝে পানি এলেও তা খুব কম সময় থাকে বলে জানান কাঠ বিক্রেতা ফরিদুর রহমান।
সদরঘাট, পাটুয়াটুলী, শাঁখারীবাজার, পানিটোলা, রাজার দেউড়ি, তাঁতীবাজার এবং আশপাশের এলাকায় ঢাকা ওয়াসার সরবরাহ করা পানি ময়লা ও দুর্গন্ধে ভরা।
গতকাল সকালে এলাকায় গিয়ে জানা যায়, অতীতে পানিতে যে ময়লা ও দুর্গন্ধ ছিল, তা আরও বেড়েছে। বিশুদ্ধ পানি সংগ্রহের জন্য শাঁখারীবাজার, পানিটোলা ও রাজার দেউড়িতে ওয়াসার কল থেকে পানি সংগ্রহ করছেন এলাকাবাসী।
শাঁখারীবাজারে শনির মন্দিরের কাছে চাপকল আছে। রাস্তার পাশে খোঁড়াখুঁড়ি ও নর্দমার ঢাকনা উঠিয়ে রাখায় সেই কল থেকে পানি সংগ্রহ করা যাচ্ছে না। রাজার দেউড়ি পানির পাম্পে ভিড় করেছেন চারদিকের মানুষ। সেখানে পানিটোলার বাসিন্দা অপূর্ব সাহা দুটি জার নিয়ে এসেছেন। বললেন, ‘ওয়াসা পানি দেয় না বললে মিথ্যা বলা হবে। কিন্তু যে পানি পাওয়া যায়, তার রং বুড়িগঙ্গার পানির মতো। সঙ্গে ড্রেনের ময়লার দুর্গন্ধ।’
রাজার দেউড়ি থেকে তাঁতীবাজার কিছুটা ঘুরপথে আসতে হয়। কিন্তু পানি সংগ্রহে এসেছেন এমন চারজনকে পাওয়া গেল। তাঁরা বলেন, এলাকায় ওয়াসার সরবরাহ করা পানি খাওয়া দূরে থাক, ব্যবহারেরও অনুপযোগী। তাঁরা নিয়মিত পাম্পের কল থেকে সরাসরি খাওয়ার পানি নিয়ে যান।
তবে পানিটোলা ১৪ নম্বর বাড়ির কাছে রাস্তায় এবং বিপরীত দিকে দুটি কল রয়েছে, যে দুটোর মুখে ছাঁকনি বাঁধা। অর্থাৎ কলেও ভালো পানি আসছে না। তার মধ্যেই কলপাড়ে কলসির সারি। দখল রেখেছেন অনেকেই। পানিটোলা, রাখাল চন্দ্র বসাক লেন, রাধিকা মোহন বসাক লেন, ঝুলন বাড়ির বাসিন্দারা সেখান থেকে পানি সংগ্রহ করছেন।
সদরঘাট গ্রেটওয়াল বিপণিবিতানের কাপড় ব্যবসায়ী শওকত আলী, প্রসাধনী ব্যবসায়ী রফিকুল আলমসহ পাঁচজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, এলাকায় ওয়াসার সরবরাহ করা পানি হাত-পা ধোয়ার কাজেই শুধু ব্যবহার করা হয়।
ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, পুরান ঢাকায় সরবরাহ করা পানি আসে সোয়ারীঘাট-সংলগ্ন চাঁদনী ঘাট শোধনাগার থেকে। সে পানি এখন শোধনের অনুপযোগী হয়ে পড়েছে। পানির লাইন পুরোনো বলেও সমস্যা হয়। গভীর নলকূপ থেকে উত্তোলিত পানিও দূষিত হয়ে যায়। এ ছাড়া অবৈধ সংযোগ নিতে গিয়ে ফুটো হওয়া পাইপ দিয়েও ময়লা ঢোকে।
গেন্ডারিয়া ও ধূপখোলায় পানির সমস্যা সমাধানের জন্য পাম্প বসানো হয়েছে জানিয়ে উপব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আশা করি, সমস্যার সমাধান হয়ে যাবে।’