
‘১৮ দিন ধরে এলাকায় পানি নেই। অথচ ওয়াসা প্রচার করে, ঢাকায় চাহিদার চেয়েও বেশি পানি উৎপাদন করছে। এটা ওয়াসার কেমন রসিকতা?’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বললেন পুরান ঢাকার ঢালকানগর লেনের বাসিন্দা আবদুল লতিফ। তাঁর সঙ্গে দেখা মিলব্যারাক পুলিশ লাইন এলাকায়। হাতে জারিকেন নিয়ে পানি সংগ্রহের জন্য সেখানে এসেছেন।
আবদুল লতিফের সঙ্গে গতকাল সোমবার দুপুরে দেখা হয়। তিনি জানালেন পানির জন্য এলাকাবাসীর দুঃসহ কষ্টের কথা। ঢাকা ওয়াসার একটি বিজ্ঞাপনের উল্লেখ করে বলেন, ‘ওয়াসা বলেছে, ঢাকাবাসীর পানির চাহিদা ২২০ কোটি লিটার, উৎপাদন হচ্ছে ২৪৫ কোটি লিটার। বাড়তি পানি কি বঞ্চিত এলাকায় দেওয়া যায় না?’
ঢালকানগর ছাড়াও শাঁখারীনগর লেন, আলমগঞ্জ লেন ও আলমগঞ্জ রোডে প্রায় ছয় বছর ধরে ২৪ ঘণ্টার মধ্যে দুই ঘণ্টাও পানি থাকে না বলে এলাকাবাসী অভিযোগ করেন। এবার গরম বৃদ্ধির পর গত ১৮ দিন এসব এলাকার কলে পানি একেবারেই আসছে না।
গরম বেড়ে যাওয়ায় রাজধানীর অন্য প্রান্ত মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, দক্ষিণ মণিপুর, কাফরুল, কল্যাণপুরেও পানির সমস্যা বেড়েছে বলে জানিয়েছেন এসব এলাকার বাসিন্দারা। কোথাও পানি নেই, কোথাও পানিতে ময়লা ও দুর্গন্ধ। মিরপুর ২ নম্বর সেকশন-সংলগ্ন কাজীপাড়ায় প্রায় ২৩ দিন ধরে পানির কষ্টের কথা জানান গৃহিণী সোনিয়া বেগম। মিরপুর ১৪ নম্বর এলাকাসংলগ্ন বৌবাজার এলাকায় পানির কল খুললে ময়লার সঙ্গে কেঁচোও আসছে। মাঝে মাঝে পানি আসছে না।
গোপীবাগ, পেয়াদাপাড়া, মোহাম্মদপুর, উত্তরা ও গুলশানের কিছু অংশে পানির সমস্যার কথা জানিয়েছেন এলাকাবাসী। পেয়াদাপাড়ায় ওয়াসার পানিতে ঝাঁজালো গ্যাসের দুর্গন্ধ আসছে। ওই এলাকার বাসিন্দারা রামকৃষ্ণ মিশন পাম্প থেকে পানি সংগ্রহ করছেন।
বেলা ১১টার দিকে মিলব্যারাক পাম্পহাউসে গিয়ে দেখা যায় পানি নিতে বালতি, কলসি, জারিকেন নিয়ে ভিড় করেছেন আশপাশের এলাকার বাসিন্দারা। কিন্তু পাম্প থেকে পানি মিলবে, এমন নিশ্চয়তাও নেই।
আলমগঞ্জ লেনের বাসিন্দা বেসরকারি চাকরিজীবী রহমতউল্লাহ বলেন, বাসায় এক ফোঁটা পানি নেই। অফিসে হাজিরা দিয়ে আবার বাসায় এসে পানি নিতে পাম্পে এসেছেন। পানি নেওয়া হলে আবার অফিসে যাবেন। তিনি বলেন, সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরে হাত-মুখ ধোয়ার পানিও পান না। ওয়াসার ১ নম্বর অঞ্চলে বিষয়টি জানানোর পর পানির গাড়ির জন্য সিরিয়াল দেওয়ার পরামর্শ দেন কর্তব্যরত কর্মকর্তা। কিন্তু সিরিয়াল দিয়ে তিন দিনেও পানির গাড়ির দেখা পাননি।
জানা যায়, সায়েদাবাদ পানি শোধনাগার থেকে প্রতিদিন ৪৫ কোটি লিটার পানি উৎপাদন হলেও একদিকে সদরঘাট ও অন্যদিকে পোস্তগোলার মাঝের বিরাট এলাকায় ওই পানি যায় না। কারণ, সেখানে শোধনাগারের পানির লাইন স্থাপিত হয়নি। তাই ওই এলাকার মানুষ নির্ভরশীল মিলব্যারাক পুলিশ লাইন, দীননাথ সেন লেন ও আইজি গেট এলাকার তিনটির পাম্পের গভীর নলকূপের ওপর। বর্তমানে গরমের কারণে পানির চাহিদা বেড়ে গেছে। এর ওপর লোডশেডিং, বিদ্যুৎ-বিভ্রাট বেড়ে যাওয়ায় পাম্পগুলোয় পানি উত্তোলনেও সমস্যা হচ্ছে। ফলে ঢালকানগর লেন ও আশপাশের এলাকায় যেটুকু পানি আসত, তা-ও আসছে না।
গেন্ডারিয়া থানার পাশে একটি পানির পাম্প বসানোর জন্য এলাকাবাসী গত রোববার ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদনপত্র দিয়েছেন। তাতে স্থানীয় সাংসদ কাজী ফিরোজ রশীদেরও সুপারিশ রয়েছে।
ওই আবেদনপত্রে বলা হয়েছে, রান্না করা, গোসল করা, কাপড় ধোয়াসহ বিভিন্ন কাজে ভীষণ সমস্যায় পড়েছেন এলাকাবাসী। পান করার মতো পানিও কখনো কখনো পাওয়া যায় না। এর আগে ওয়াসার সঙ্গে যোগাযোগ করেও লাভ হয়নি। অথচ বছরের পর বছর এলাকাবাসী ওয়াসার বিল পরিশোধ করছেন।
ওই আবেদনপত্রে স্বাক্ষর করেছেন ৬২ জন। তাঁদের কয়েকজন প্রথম আলোকে বলেন, পানি নিয়ে এমন অচলাবস্থা চলতে থাকলে যেকোনো সময় বিক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমে আসতে পারেন।
যোগাযোগ করা হলে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম প্রথম আলোকে বলেন, ছয় বছর পানির কষ্টের কথা আগে তাঁদের জানানো হয়নি। এমনকি কিছুদিন ধরে যে একেবারেই পানি নেই, সে অভিযোগও ওয়াসাকে এলাকাবাসী করেননি। রোববার প্রথমবারের মতো অভিযোগ পেয়ে ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, এলাকাবাসী গেন্ডারিয়া থানার কাছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি অব্যবহূত পতিত জমি দেখিয়েছে। সিটি করপোরেশন যদি জায়গাটি দিতে সম্মত হয়, তবেই সেখানে গভীর নলকূপ বসানো হবে।