পানির কারখানা থেকে বন্দুক ও গাঁজা উদ্ধার
কুমিল্লা শহরতলির বলরামপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার পানি বোতলজাত করার একটি কারখানায় অভিযান চালিয়ে একটি দেশি বন্দুক ও ২০ কেজি গাঁজা উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্রে জানা যায়, পুরোনো বোতলে পানি ভরে বাজারজাত করা হচ্ছে—এমন খবর পেয়ে কুমিল্লার আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল গতকাল বিকেলে ওই কারখানায় অভিযান চালায়। কুমিল্লা-কোটবাড়ী সড়কের বলরামপুরের একটি বাড়িতে কারখানাটি অবস্থিত। ভ্রাম্যমাণ আদালত সেখানে মাম, প্রাণ, দাদা, মুসকান, জীবন, একমিসহ বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহার করা হাজার হাজার খালি পানির বোতল ও ছিপি দেখতে পান। এ ছাড়া ছিপি তৈরির একটি যন্ত্রও পাওয়া যায়। পুলিশ কারখানায় তল্লাশি করে একটি দেশি বন্দুক ও গাঁজার সন্ধান পায়।কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আবু মো. শাহজাহান কবির জানান, এ ঘটনায় পুলিশ ওই বাড়ি থেকে তিন নারীকে আটক করেছে। অভিযানের সময় বাড়িতে কোনো পুরুষ ছিল না।পুলিশ জানায়, বাড়ির মালিক মৃত মফিজ উদ্দিনের তিন ছেলে সারওয়ার হোসেন, আবুল হাসান ও হানিফ মিয়া মিলে দীর্ঘদিন ধরে এই ব্যবসা করে আসছিলেন। তাঁরা টোকাইদের কাছ থেকে পুরোনো বোতল কিনে তাতে পানি ভরে বিভিন্ন কোম্পানির লেভেল লাগিয়ে বাজারে বিক্রি করতেন।