পানির কারণে লাশও দাহ করা যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার কেন্দ্রীয় মহাশ্মশান ঘাটের চারদিকে কোথাও হাঁটু, কোথাও বুকপানি। সেই পানি পেরিয়ে লাশ দাহ করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বী মানুষকে।
সরেজমিনে গত শনিবার দুপুরে দেখা গেছে, পাটগ্রাম পৌর শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে পাটগ্রাম-আউলিয়ারহাট আঞ্চলিক সড়কের বালিরবাড়ি সেতুর পাশে এই কেন্দ্রীয় মহাশ্মশানঘাটটি অবস্থিত। কিন্তু সড়ক থেকে মহাশ্মশানে পৌঁছার কোনো পথ না থাকায় চারদিকে পানির মাঝখানে দ্বীপের মতো জেগে আছে স্থানটুকু। সেই পানি পেরিয়ে লাশ দাহ করতে সেখানে যেতে দেখা যায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যবসায়ী মানিক চন্দ্র রায়ের পরিবারের লোকজনকে।
পাটগ্রাম পৌরসভাসহ আশপাশের কয়েক ইউনিয়ন মিলিয়ে ওই এলাকায় প্রায় ৩৫ হাজার সনাতন ধর্মাবলম্বী মানুষের বাস। পৌর কর্তৃপক্ষ চার বছর আগে বালিবাড়ি গ্রাম এলাকায় এ শ্মশানটি নির্মাণ করে দেয়। কিন্তু এখন পানির কারণে সেখানে লাশ দাহ করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে তাঁদের।
পাটগ্রাম পৌর শহরের ঠাকুরবাড়ি এলাকার ব্যবসায়ী রতন লাল সাহা বলেন, ‘পৌরসভার অর্থায়নে প্রায় তিন-চার বছর আগে কেন্দ্রীয় মহাশ্মশানঘাটটি নির্মাণ করা হলেও শ্মশানে যাওয়ার জন্য কোনো পথ রাখা হয়নি। তাই প্রতিবছর বর্ষাকালে এর চারপাশে পানি জমে। আর আমাদের স্বজনদের লাশ দাহ করতে দুর্ভোগ পোহাতে হয়।’
পাটগ্রাম পৌরসভার প্যানেল মেয়র ও ১ নম্বর ওয়ার্ড কমিশনার রফিকুল ইসলাম বলেন, জায়গাটি ব্যক্তি মালিকানাধীন হওয়ায় সড়ক নির্মাণে সমস্যা হচ্ছে।