পানির গাড়ি ছুটছে গ্রামে-গঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিভাগের কয়েকটি উপজেলায় বছরের বেশির ভাগ সময় খাওয়ার পানির তীব্র সংকট থাকে। এসব এলাকায় লবণমুক্ত পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

ভ্রাম্যমাণ ডি-স্যালাইনেশন প্ল্যান্টের গাড়ি পাঠিয়ে এই পানি সরবরাহ করা হচ্ছে। এগুলো জাপান সরকারের দেওয়া।

দুর্যোগে জরুরি ভিত্তিতে পানি সরবরাহের জন্য আগাম প্রস্তুতির অংশ হিসেবে জাপান সরকার বাংলাদেশকে ৩০টি ডি-স্যালাইনেশন ইউনিট দিয়েছে। গত বছরের মে মাসে এগুলো মংলা বন্দরে আসে। এর প্রতিটি ইউনিটের মাধ্যমে ঘণ্টায় ৬০০ লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা যায়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানির সংকট মোকাবিলায় খুলনা নগরের খালিশপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভান্ডারে গাড়িগুলো রাখা হয়। গত ডিসেম্বর থেকে প্রতি মাসে ১০-১৫টি ভ্রাম্যমাণ প্ল্যান্ট দিয়ে পিরোজপুর; বাগেরহাটের কচুয়া, মংলা, শরণখোলা; খুলনার দাকোপ; সাতক্ষীরার তালা, আশাশুনি, কালীগঞ্জ উপজেলায় সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনার সহকারী প্রকৌশলী ও ট্রিটমেন্ট প্ল্যান্টগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা বলেন, মূলত দুর্যোগের সময় পানি সরবরাহের জন্য প্ল্যান্টগুলো কাজে লাগানোর কথা। এখন গাড়িগুলো উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট মোকাবিলায় ব্যবহার করা হচ্ছে। এগুলোর মাধ্যমে পানি সরবরাহ ব্যয়বহুল। তবু প্ল্যান্টগুলো সচল রাখতে লবণাক্ত পানি বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে। সরবরাহ করা হচ্ছে লবণমুক্ত পানি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্থানীয় উপজেলা কার্যালয়ের মাধ্যমে পানি সরবরাহ করা হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সমন্বয়ে প্ল্যান্টগুলো সংরক্ষণ ও পরিচালনা করা হচ্ছে। প্ল্যান্টগুলো পরিচালনার জন্য ১০ জন ইউনিট অপারেটর ও পাঁচজন গাড়িচালক নিয়োগ পেয়েছেন। তবে দুর্যোগের সময় এগুলো পরিচালনার জন্য আরও ৮০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আপাতত দুই বছর মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য জাপান থেকে প্ল্যান্টের খুচরা যন্ত্রাংশ সরবরাহ করা হচ্ছে। পরে সরকারকেই যাবতীয় লোকবল ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে।

১৫ এপ্রিল দাকোপের চালনা পৌরসভার এম এম কলেজের পাশে পানি সরবরাহ করছিল একটি ভ্রাম্যমাণ ট্রিটমেন্টপ্ল্যান্ট ইউনিট। সরেজমিনে দেখা যায়, প্ল্যান্টের সামনে খালি পানির পাত্র নিয়ে অনেক মানুষ অপেক্ষা করছিল। পানি দেওয়া শুরু হতেই তাদের মুখে হাসির ঝিলিক। সেখানে পানি নিচ্ছিলেন জোহরা খাতুন। তিনি বলেন, মাঝে মাঝে এরা পানি দেয়। এত ভালো পানি সব সময় পেলে জীবনটা বাঁচত।

পানি নিতে আসা নিত্যানন্দ মণ্ডল বলেন, সারা বছর পানির সংকটে ভুগতে হয়। মাঝেমধ্যে খুলনা থেকে পানির গাড়ি আসে। তাতে বেশ উপকার হলেও পানির সংকটের স্থায়ী সমাধান চান তাঁরা।

পানি সংকট মোকাবিলায় গত ৩০ মার্চ চালনা পৌর ভবনে জাপানি প্রতিনিধিদল, পৌরসভার মেয়র-কাউন্সিলর ও স্থানীয় সুধীজনদের নিয়ে আলোচনা সভা হয়। সেখানে চালনার মেয়র সনৎ কুমার বিশ্বাস এ অঞ্চলে পানির সংকটকে নিত্যদিনের দুর্যোগ হিসেবে আখ্যায়িত করেন। তিনি পানির সংকট নিরসনে জাপানি প্রতিনিধিদলের কাছে স্থায়ী পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপনের অনুরোধ করেন। জাপানি প্রতিনিধিদলও তা স্থাপনের আশ্বাস দেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম ওয়াহিদুল ইসলাম বলেন, যেখানে লবণাক্ততা বেশি, সেখানে স্থায়ী ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের জন্য জাপান নীতিগতভাবে রাজি হয়েছে। তারা এসব এলাকার তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। স্থায়ী ট্রিটমেন্ট প্ল্যান্ট হলে এলাকার মানুষ খুব উপকৃত হবে।