চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রীনিবাসে পানির জন্য এক সপ্তাহ ধরে হাহাকার চলছে। হঠাৎ পানির উৎস গভীর নলকূপ নষ্ট হয়ে যাওয়ায় এ সংকট দেখা দেয়। ফলে রোজার দিনে কান্তা ছাত্রীনিবাসের ৫০০ ছাত্রী দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। আগামী দুই মাসের মধ্যে এ সমস্যা সমাধান হবে না বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।জানা গেছে, কান্তা ছাত্রীনিবাসে প্রায় ৬০০ শিক্ষার্থী রয়েছেন। ওয়াসার পানি সরবরাহ না থাকায় হাসপাতালের সামনে একটি গভীর নলকূপ থেকে এখানে পানি দেওয়া হতো। কিন্তু সপ্তাহ খানেক আগে নলকূপটি নষ্ট হয়ে যায়। নলকূপের ফিল্টারের মুখে বালু জমে যায়। পানির স্তর নিচে নেমে যাওয়ায় এ পরিস্থিতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে ওই নলকূপটি আর মেরামত করা সম্ভব হবে না বলেও মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘আমাদের একটি গভীর নলকূপ নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় আমরা প্রতিদিন ওয়াসা থেকে পানি কিনে এনে ছাত্রীনিবাসে দিচ্ছি। কিন্তু তা অপর্যাপ্ত। দ্রুততার সঙ্গে আমরা আরেকটি গভীর নলকূপ বসানোর সিদ্ধান্ত নিয়েছি।’ডেন্টালের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করে বলেন, ‘এক সপ্তাহ ধরে এই দুর্ভোগ চলছে। অথচ তা নিরসনের জন্য দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা হাত-মুখ পর্যন্ত ধুতে পারছি না।’ জানা গেছে, আগামীকাল শনিবার থেকে নতুন নলকূপ বসানোর কাজ শুরু হবে। তাও পানির স্তর পাওয়া যায় কি না সেটা নিশ্চিত নয়। পাশাপাশি বিকল হয়ে যাওয়া নলকূপটিও মেরামতের চেষ্টা করা হবে।গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন বলেন, ‘আমরা কাজ শুরু করব। কিন্তু কতটুকুতে পানি পাওয়া যাবে তা বলা মুশকিল। তাই এক মাসের বেশি সময়ের ব্যাপার।’ ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী তপন দাশ বলেন, ‘মেডিকেলে আমাদের কিছু পানি সরবরাহ করা হয়। পাশাপাশি তাদের দুটি গভীর নলকূপ থেকে পানি আসে। আমাদের রাস্তার লাইন থেকে পানি মেডিকেলে যায়। যেহেতু আলাদা লাইন নেই, তাই শুধু মেডিকেলের জন্য পানি সরবরাহ বাড়ানো সম্ভব নয়।’