পানির জন্য দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরসহ রাজধানীর অনেক এলাকায় পানির সমস্যা চলছে। বাসাবাড়িতে পানি না থাকায় বাধ্য হয়ে অনেকেই রাস্তার কল থেকে পানি সংগ্রহ করছেন। পুরান ঢাকার চাঁদনীঘাট এলাকা থেকে গতকাল তোলা ছবি ষ প্রথম আলো
মিরপুরসহ রাজধানীর অনেক এলাকায় পানির সমস্যা চলছে। বাসাবাড়িতে পানি না থাকায় বাধ্য হয়ে অনেকেই রাস্তার কল থেকে পানি সংগ্রহ করছেন। পুরান ঢাকার চাঁদনীঘাট এলাকা থেকে গতকাল তোলা ছবি ষ প্রথম আলো

একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আরিফুর রহমান ঘেমেনেয়ে সন্ধ্যার পর বাসায় ফিরে দেখেন, হাত-মুখ ধোয়ার মতো পানিও নেই। প্রতিদিনের মতোই কলে পানি নেই। প্রথমে বুঝতে পারলেন না কী করবেন। মিরপুরে ওয়াসার আঞ্চলিক কার্যালয়ে ফোন করে কোনো সাড়া পেলেন না। পরে ওয়াসার জরুরি নিয়ন্ত্রণকক্ষে ফোন করলে পরদিন সকালে পানির গাড়ির জন্য লিখিত আবেদন করতে বলেন কর্তব্যরত কর্মকর্তা। গরমে অস্বস্তিতে প্রায় সারা রাত কাটে তাঁর।

এই প্রতিবেদককে গত মঙ্গলবার রাতের এ ঘটনার বর্ণনা দিয়ে আরিফুর রহমান বলেন, সেনপাড়া-পর্বতা এলাকার কর্ণফুলী গলির ঘরে ঘরে এখন পানির সমস্যা। প্রায় এক মাস ওয়াসার পানির স্বাভাবিক সরবরাহ নেই। পানির গাড়ির জন্য আবেদন করলে কমপক্ষে দু-তিন দিন সময় লাগে।

সেনপাড়া-পর্বতাসহ এলাকার কিছু বাসিন্দা অভিযোগ করেন, কারও কারও বাড়িতে ঠিক ঠিক সময়ে ওয়াসার পানির গাড়ি আসতে দেখা যায়। গাড়ির লোকজনের কাছে সহজে পানি পাওয়ার উপায় জানতে চাইলে তাঁরা গাড়িপ্রতি পানির দাম চান দেড় হাজার টাকা। অথচ বড় গাড়ির গায়ে পানির দাম লেখা আছে ৫০০ টাকা। তাঁরা বলেন, পানির এমন অবস্থা চলতে থাকলে এলাকায় যেকোনো সময় বিক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমে আসতে পারেন। কাজীপাড়া, মনিপুর, মিরপুর-১০ নম্বর সেকশনের ২০ নম্বর সড়ক, ১৩ নম্বর সেকশনের ৪ নম্বর সড়ক, ১৪ নম্বর রোডের রোটারি স্কুলসংলগ্ন এলাকা, কাফরুল, ইব্রাহিমপুর প্রভৃতি এলাকায়ও পানির সংকট বেড়েছে বলে জানান বাসিন্দারা। শুধু মিরপুর নয়, বিদ্যুৎ-সমস্যার কারণে নগরের ওয়ারী, গোপীবাগ, মুগদাপাড়া, মানিকনগর, গোলাপবাগ, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, নারিন্দা, চাঁদনীঘাট, তাঁতীবাজার, পানিটেলা, রাজার দেউড়ীসহ পুরান ঢাকায়, শেখেরটেকসহ মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে পানির সমস্যা চলছে।

কয়েক দিন আগে কাফরুল এলাকায় পানির পাম্প বিকল হওয়ার পর এখনো মেরামত হয়নি বলে এলাকাবাসী অভিযোগ করেন। 

জানতে চাইলে ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম বলেন, কাফরুলে পানির পাম্প প্রতিস্থাপন করা হচ্ছে। সেনপাড়া-পর্বতায় পানির সমস্যা মেটাতে আহম্মদবাগে একটি নতুন গভীর নলকূপ বসানো হচ্ছে। এ ছাড়া পীরেরবাগ পাম্পে বালু উঠছে বলে সেখানেও পাম্প প্রতিস্থাপন করা হচ্ছে।

পুরোনো সরু পাইপে সরবরাহ ছাড়াও প্রধানত পানির স্তর অতিরিক্ত মাত্রায় নেমে যাওয়ায় মিরপুরে রাজধানীর অন্য অংশের তুলনায় পানির সমস্যা বেশি হচ্ছে বলে উপব্যবস্থাপনা পরিচালক দাবি করেন। এ ছাড়া গরম বেড়ে যাওয়ায় চাহিদা বৃদ্ধি এবং বিদ্যুৎবিভ্রাটে পানির উত্তোলনে বিঘ্ন ঘটছে। তিনি বলেন, একটি গভীর নলকূপ বসানোর পর প্রতি মিনিটে উত্তোলনক্ষমতা তিন হাজার লিটার পর্যন্ত থাকে। কিন্তু পরের বছর দুই হাজার, তার পরের বছর এক হাজার বা তারও নিচে নেমে আসে।

ওয়াসা সূত্র জানায়, বৃহত্তর মিরপুরে ১০০টির মতো গভীর নলকূপ রয়েছে। বেশির ভাগেরই উত্তোলনক্ষমতা এখন এক-তৃতীয়াংশ। আরও কমপক্ষে ২০টি গভীর নলকূপ বসালে আপাতত সমস্যা কমবে।

ওই সূত্র জানায়, রাজধানীতে পানির চাহিদা ২২৫ কোটি লিটার। এর মধ্যে মিরপুর এলাকার চাহিদা কমপক্ষে ৪০ কোটি লিটার। তবে বিদ্যুৎবিভ্রাট, চুরিসহ নানা কারণে গত কয়েক দিনে ২০ কোটি লিটারের বেশি সরবরাহ করা যাচ্ছে না।