প্রফুলা ত্রিপুরার (২৯) দিনে প্রায় সাত ঘণ্টা ব্যয় হয় পানি সংগ্রহে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের দুর্গম পাহাড়ি গ্রাম ৯ নম্বর পাড়ায় তাঁর বাড়ি। তাঁর ছয় সদস্যের পরিবারে প্রতিদিন দরকার ১৫ কলস পানি। কিন্তু পানির উৎস ৭০০ ফুট নিচের মাচালং ছড়া বা ঝরনা। প্রয়োজনীয় পানি আনতে তাঁকে কয়েকবার ওই পথ ওঠা-নামা করতে হয়।
পাহাড়ি এই নারী প্রথম আলোকে বলেন, ‘একা পানি এনে পারা যায় না। তাই স্কুলপড়ুয়া তিন মেয়ে ও এক ছেলেকেও মাঝেমধ্যেই এ কাজে লাগাই। এই চৈত্র-বৈশাখে পানির কষ্ট বাড়ে।’
বাঘাইছড়িতে সাজেকসহ পাহাড়ি এলাকায় পাঁচ শতাধিক গ্রামে প্রায় ৫০ হাজার লোকের বাস। এখানকার সব এলাকায় কম-বেশি পানির কষ্ট আছে। পরিবারের জন্য পানি আনার কষ্ট করতে হয় নারীকেই। বাঘাইছড়ি উপজেলা জনস্বাস্থ্য বিভাগের প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক বলেন, ‘পাহাড়ি এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। তবে এতে আমাদের কিছু করার নেই। কারণ পানির বন্দোবস্তের জন্য রিংওয়েল ও টিউবওয়েল বরাদ্দ পাওয়া যাচ্ছে না।’
২০১২ সালে সরকারের করা ‘বাংলাদেশের দুর্গম এলাকায় পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন’ কৌশলপত্রে পার্বত্য এলাকা, বিল ও হাওর, চর, বরেন্দ্র, উপকূল এবং বন্যাপ্রবণ এলাকাকে দুর্গম চিহ্নিত করে এসব এলাকার পানি ও স্যানিটেশনে বিশেষ বরাদ্দের প্রস্তাব রাখা হয়। তবে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে শুধু চর ও বন্যাপ্রবণ এলাকার জন্য কিছু বরাদ্দ রাখা হয়েছে।
সাধারণত নারীরাই পরিবারের জন্য পানি সংগ্রহ করেন। একাধিক গবেষণায় দেখা গেছে, দুর্গম এলাকায় পানি সংকটে নারীর কষ্টই বেশি হয়। পাহাড়ি বা সমতল—সব জায়গাতেই একই চিত্র। যেমন উপকূলীয় জেলা বাগেরহাটের মংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামের শিউলী বেগমকে চার মাইল হেঁটে দূরের এক পুকুর থেকে পরিবারের জন্য পানি আনতে হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘এক কলস পানির জন্যি আসতি-যাতি এক ঘণ্টারও বেশি লাগে। সকালে দুবার, বিকালে দুবার যাই। এই চাইর ঘণ্টা অন্য কাজে খাটলি ২০০ টাহা পাতাম।’
সরকারি নীতিমালা অনুযায়ী, বাড়ি থেকে ১৫০ মিটার দূরত্বের মধ্যে নিরাপদ পানির উৎস থাকার কথা। তবে দুর্গম এলাকায় বেশির ভাগ ক্ষেত্রেই তা নেই। মংলার চাঁদপাই ও চিলা ইউনিয়নের ১০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানীয়জলের জন্য একটি মাত্র পুকুরের ওপর নির্ভরশীল। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘এই এলাকার জন্য পুকুর খনন বা সংস্কারে আলাদা বরাদ্দ নেই। পুকুরের পানির লবণাক্ততা পরিশোধনের জন্য অনেক অর্থের দরকার।’
নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন নীতিমালা ১৯৯৮-এর নির্ধারণ করা মানদণ্ড অনুযায়ী, একটি উৎস থেকে সর্বোচ্চ ৫০ জন পানি সংগ্রহ করবে। তবে দুর্গম এলাকায় এই চিত্র ভিন্ন। আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইডের ২০১৪ সালের জরিপে দেখা গেছে, বরিশাল, সাতক্ষীরা, খুলনা অঞ্চলে একটি পানির উৎস ব্যবহার করছে গড়ে ১০২ জন। সর্বোচ্চ ব্যবহারকারী ১১২ জন।
বেসরকারি সংগঠন এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ ছয়টি দুর্গম এলাকায় ২০১৩ সালে জরিপ চালায়। ওই জরিপে দেখা যায়, এসব এলাকায় গড়ে ৯৮ দশমিক ৫ শতাংশ ক্ষেত্রে নারীদেরই পানি আনতে হয়। এর মধ্যে পার্বত্য এলাকায় একজন নারী সব মিলিয়ে একবার পানি সংগ্রহে সর্বোচ্চ ১২৮ মিনিট ব্যয় করেন। উপকূলীয় এলাকায় এ ক্ষেত্রে লাগে গড়ে ৪৫ মিনিট। সর্বনিম্ন সময়ের প্রয়োজন হয় চর এলাকায়, ২১ মিনিট। ওয়াটারএইডের হিসাবে ঢাকার বস্তিতে প্রতিবার পানি সংগ্রহে ১৫ মিনিট লাগে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্বত্য এলাকায় পানি সরবরাহের জন্য তিন বছর আগে একটি প্রকল্প নিতে সম্ভাব্যতা জরিপ হয়েছিল। তবে এর বাস্তবায়ন হয়নি। ওয়াটারএইডের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ খায়রুল ইসলাম বলেন, ‘সরকারের উন্নয়ননীতি গরিববান্ধব, কিন্তু দুর্গম এলাকায় পানির ক্ষেত্রে সরকারের বরাদ্দের চিত্র এর বিপরীত। যেখানে বেশি প্রয়োজন, সেখানেই বিনিয়োগ নেই।’
গ্রামীণ এলাকায় পানি ব্যবস্থাপনার দায়িত্ব জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) নির্বাহী প্রকৌশলী (এস্টাবলিশমেন্ট) এহতেশামুল রাসেলও জানান, ‘দুর্গম এলাকায় পানি সরবরাহের ক্ষেত্রে সরকারি বরাদ্দ কমছে। পানির জন্য খুব বড় আকারে সরকারি বরাদ্দ নেই।’
অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নানও প্রথম আলোকে বললেন, ‘দুর্গম এলাকায় পানি সংকট বড় সমস্যা। সরকারি নীতিই হলো পিছিয়ে পড়া এলাকাকে প্রাধান্য দেওয়া। সেখানে এভাবে যদি দুর্গম এলাকাকে দূরে রাখা হয়, তবে তা অন্যায্য। আমি বিষয়টি নিশ্চিত হয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে চেষ্টা করব।’
{তথ্য দিয়ে সহযোগিতা করেছেন সুমেল সারাফাত, মংলা (বাগেরহাট), সাধন বিকাশ চাকমা, বাঘাইছড়ি (রাঙামাটি)}