গ্রামের কোনো নলকূপেই পানি ওঠে না। ওঁরাও সম্প্রদায়-অধ্যুষিত রাজশাহীর তানোরের জোতগরিব গ্রামের মানুষ তাই ডোবার পানি দিয়ে ভাত-ডাল রান্না করছে। দুই কিলোমিটার দূরের একটি নলকূপ থেকে নিয়ে আসছে খাবার পানি। বেশি বৃষ্টি হলে জমিতে আমন ধানটা হয়। তা ছাড়া সারা বছর অনাবাদি পড়ে থাকে। অনাবৃষ্টি আর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে গ্রামে এই বিপর্যয় নেমে এসেছে।
জোতগরিবের মতোই উঁচু বরেন্দ্র এলাকার গ্রামগুলোর একই চিত্র। বোরো চাষের জন্য নির্বিচারে ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে এখন এই প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হচ্ছে মানুষ। ১৩ বছর ধরে পানির স্তর গড়ে ১ দশমিক ২৩ ফুট করে নিচে নামছে। এখন চাষাবাদ দূরের কথা, মানুষের খাবার পানি জোগাড় করাই দুষ্কর হয়ে পড়েছে।
জোতগরিবের গ্রামের সাত জায়গায় ‘বোরিং’ (মাটি খুঁড়ে পাইপ বসানো) করে এক জায়গায় পানি পাওয়া গেছে। সেখানেই একটি ‘সাবমারসিবল পাম্প’ বসানো হয়। তিন দিন পর সেই নলকূপেও আর পানি পাওয়া যায়নি। গ্রামের গৃহবধূ আরতি ওঁরাও বললেন, ‘রাস্তাঘাট চাই না, পানি চাই। পানি না দিলে ভোট দিব না।’
পানির সুষ্ঠু ব্যবহারের জন্য এলাকার মানুষ ‘পানিসম্পদ সমিতি’ গঠন করেছে। বেসরকারি সংস্থা ডাসকো তাদের এ কাজে সহযোগিতা করছে। গত শনিবার জোতগরিব গ্রামে গিয়ে কথা হয় তানোরের বাধাইড় ইউনিয়ন পানিসম্পদ সমিতির সাধারণ সম্পাদক সানা উল্লাহর সঙ্গে। তিনি বলেন, ইউনিয়নের ঝিনাখইর গ্রামে ছয় জায়গায় বোরিং করে মাত্র এক জায়গায় পানি পাওয়া গেছে। সেটি একটি পকেট এলাকা। সেখানে ভূগর্ভস্থ পানির হালকা একটি স্তর রয়েছে। সাবমারসিবল পাম্প দিয়ে পানি তোলা হচ্ছে। সেই পানি হস্তচালিত নলকূপেও ওঠে না আবার গভীর নলকূপও কাজে লাগে না। সাবমারসিবল পাম্প দিয়ে তুলে সকাল আটটায় একবার ও বিকেল চারটায় মেপে মেপে বিলি করা হয়। পরিবারের লোকসংখ্যা গুনে মানুষজন সেই পানি ভাগ-বাঁটোয়ারা করে নেন।
সানা উল্লাহ আরও বলেন, এই গ্রামে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বসানো চারটি গভীর নলকূপ অকেজো হয়ে আছে। মাঠের পর মাঠ উর্বর জমি শুধুই পড়ে আছে। কোনো বছর ভালো বৃষ্টি হলে আমনটা হয়। তার ফলনও খুবই নগণ্য। এমনিতেই এ অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম। গবেষণায় দেখা যাচ্ছে, ২০০৪ সালের পর থেকে ভূর্গভস্থ পানির স্তর আর আগের জায়গায় উঠে আসছে না। এই পরিস্থিতিতেও ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হচ্ছে। এই এলাকার প্রাকৃতিক বিপর্যয় নিয়ে ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) গবেষক ও জ্যেষ্ঠ সহকারী সচিব রাজ্জাকুল ইসলাম গবেষণা করছেন। তাঁর গবেষণার তথ্য অনুযায়ী, বোরো ধান চাষে সবচেয়ে বেশি পানির প্রয়োজন পড়ে। এ অঞ্চলে এক কেজি বোরো ধান চাষে পানি লাগে ৩ হাজার ১০৯ লিটার। আন্তর্জাতিক মান অনুযায়ী প্রকৃতপক্ষে প্রয়োজন ৩৫৬ লিটার। অন্যান্য ফসলে এর চেয়ে অনেক কম পানি লাগে। ভূগর্ভস্থ পানির ওপর চাপও কম পড়ে। তারপরও এ অঞ্চলে বোরো চাষ অব্যাহত রয়েছে। ২০১৬ সালে শুধু তানোর উপজেলায় এই পানি ব্যবহার করে ১২ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। এখন উপজেলার ৩৪ শতাংশ জমি শুধু বৃষ্টিনির্ভর এক ফসলি হয়ে গেছে।
রাজশাহী ও রংপুর বিভাগের ১২৪টি উপজেলা নিয়ে বরেন্দ্র অঞ্চল। এর মধ্যে রাজশাহীর তানোর, গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, নওগাঁর পোরশা, সাপাহার, নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলা উঁচু বরেন্দ্র এলাকা।
১৯৮৫ সাল থেকে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) বরেন্দ্র অঞ্চলে কৃষিতে ভূগর্ভস্থ পানি ব্যবহার শুরু করে। বর্তমানে বরেন্দ্র এলাকায় বিএমডিএর ১৫ হাজার ৩২৯টি গভীর নলকূপ চালু রয়েছে। ব্যক্তিমালিকানাধীন রয়েছে আরও কয়েক গুণ বেশি।
জানতে চাইলে বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুর রশিদ বলেন, বিএমডিএ ২০ ভাগ ভূগর্ভস্থ পানি তুলছে। বাকি ৮০ ভাগ ব্যক্তিমালিকানাধীন নলকূপ দিয়ে তোলা হচ্ছে।