
কক্সবাজারের উখিয়ার সড়কের পাশে ও জঙ্গলে আশ্রয় নেওয়া অর্ধ লাখেরও বেশি রোহিঙ্গা খাবার পানির সংকটে ভুগছে। এই এলাকায় নলকূপ না থাকায় এমন সংকট দেখা দিয়েছে। কয়েকটি বেসরকারি সাহায্য সংস্থা রোহিঙ্গাদের পানি সরবরাহ করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং বুড়ির দোকান থেকে থায়ংখালী বাজার পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় সড়কের দুই পাশে কয়েক দিন ধরে অন্তত ১০ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। বন বিভাগের ঝোপ-জঙ্গলে আরও ৫০ হাজার রোহিঙ্গা বসবাস করছে। এই বিশাল এলাকায় কোনো নলকূপ নেই। এসব এলাকার রোহিঙ্গা নারী-শিশুদের কয়েক কিলোমিটার দূর থেকে খাবার পানি সংগ্রহ করে আনতে হচ্ছে।
গতকাল রোববার দুপুরে উখিয়ার ঘাট এলাকায় বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার উপকেন্দ্রের পাশে গিয়ে দেখা গেছে, ১০ হাজারের বেশি রোহিঙ্গা রাবার বাগান ও বন বিভাগের সামাজিক বনাঞ্চলে আশ্রয় নিয়েছে। সেখানে তাদের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছেন বেসরকারি সংস্থা কোস্টট্রাস্টের কর্মীরা।
সেখানে খালি প্লাস্টিকের বোতল হাতে পানির জন্য অপেক্ষা করছিল কিশোরী লালয়া (১১)। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও পানি না পেয়ে কান্নায় ভেঙে পড়ে সে। এরপর কোস্টট্রাস্টের এক কর্মী এগিয়ে এসে তাকে পানি দেন। লায়লা বলে, পাশের জঙ্গলে আশ্রয় নেওয়া তার মা ও ছোট তিন ভাই-বোনের জন্য পানি নিতে এসেছে সে। এই এক বোতল পানি দিয়ে সবার তৃষ্ণা মেটানো যাবে না। তবু এই পানি পান করেই একবেলা অন্তত কাটাতে হবে।
পানি নিতে আসা রোহিঙ্গা বেদার মিয়া (৫০) বলেন, টেলিভিশন সম্প্রচার উপকেন্দ্রের জঙ্গলে ২০ হাজারের মতো রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। অল্প-স্বল্প খাবার জুটলেও পানি কোথাও পাওয়া যাচ্ছে না। দুটি বেসরকারি সংস্থা সকাল-বিকেল এসে হাজারখানেক রোহিঙ্গাকে পানি দেয়। জনপ্রতি পানি মিলছে এক লিটারেরও কম। এই পানি খুবই অপ্রতুল। কোনো কোনো ঘরে ৫ থেকে ১২ জন বাসিন্দাও আছে। পানির অভাবে সবাই খুব কষ্ট পাচ্ছে।
কোস্টট্রাস্টের পরিচালক সনত কুমার ভৌমিক বলেন, টেলিভিশনকেন্দ্রের আশপাশের কয়েক কিলোমিটারে প্রচুর রোহিঙ্গা অবস্থান করছে। তাদের অধিকাংশ নারী ও শিশু। মানবিক সাহায্য হিসাবে তাদের খাদ্য, পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওই সংস্থার সহকারী পরিচালক তারিক সাঈদ হারুন বলেন, তিন কিলোমিটার দূরে সড়ক ও জনপথ বিভাগের একটি সংরক্ষিত পুকুর থেকে পানি সংগ্রহ করে আনা হচ্ছে এই রাবার বাগানে। এলাকায় দুটি পানি বিশুদ্ধকরণ যন্ত্রের মাধ্যমে সেই পানি বিশুদ্ধ করা হচ্ছে। ঘণ্টায় উৎপন্ন হচ্ছে ২ হাজার লিটার সুপেয় পানি। এই পানি রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা হচ্ছে। গত শুক্রবার থেকে এই কর্মসূচি চলছে। পানির পাশাপাশি ১০ হাজার রোহিঙ্গাকে প্রতিদিন খিচুড়ি দেওয়া হচ্ছে।
কোস্টট্রাস্টের সমন্বয়কারী ফজলুল হক বলেন, ‘পানি ও পুষ্টির অভাবে অনেক রোহিঙ্গা শিশু অসুস্থ হয়ে পড়েছে। অনেকে ডায়রিয়া, সর্দি, জ্বর ও চর্মরোগে আক্রান্ত হয়েছে। এদের অনেককে আমরা স্বাস্থ্যসেবা দিয়েছি।’