পানির জন্য হাহাকার
নিম্নচাপের প্রভাবে জলোচ্ছ্বাসে ভেঙে যাওয়া বাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করায় মহেশখালীতে বিশুদ্ধ খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। নলকূপ ও পাতকুয়ার পানি লবণাক্ত হয়ে পড়ায় টেকনাফের ৫০ হাজারের বেশি মানুষকে খাওয়ার পানির জন্য প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। পুকুর ও খাল-বিলে লোনাপানি ঢুকে পড়ায় একই সমস্যায় পড়েছে কুতুবদিয়ার মানুষ। দেখা দিয়েছে অসুখ-বিসুখ। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:মহেশখালী: সম্প্রতি নিম্নচাপের প্রভাবে উপজেলার উপকূল ধলঘাটা ইউনিয়নের সরইতলা, সুতরিয়া, পণ্ডিত ডেইল, সাপমারার ডেইল, বেগুন বনিয়া, সিকদারপাড়া ও মহরিঘোনা এলাকার প্রায় ১৫ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে ৩০০ পুকুরে লবণাক্ত পানি ঢুকে পড়েছে। এ ছাড়া জোয়ারের সময় নলকূপগুলো পানিতে ডুবে যাওয়ায় খাওয়ার পানির সমস্যা প্রকট আকার ধারণ করেছে।সরাইতলার বাসিন্দা আনোয়ার হোসেন ও কফিল উদ্দিন জানান, এলাকায় জোয়ার-ভাটার কারণে খাওয়ার পানির তীব্র সংকট দেখা দেওয়ায় প্রায় তিন কিলোমিটার হেঁটে নলকূপ থেকে খাওয়ার পানি আনতে হয়। আবার জোয়ারের সময় নলকূপগুলো ডুবে যাওয়ায় সেই পানিও পাওয়া যায় না। ফলে অনেকেই বাধ্য হয়ে লবণাক্ত পানি পান করছে। সরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন বলেন, জোয়ারের পানির কারণে অনেক শিক্ষার্থী স্কুলে আসতে চায় না। ধলঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মকবুল আহমদ বলেন, পানির সংকট নিরসনের জন্য জরুরি ভিত্তিতে এলাকায় নলকূপ স্থাপনের জন্য উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ে আবেদন করা হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল হক বলেন, ধলঘাটায় পানির সংকট নিরসনে আরও ২০০ নলকূপ স্থাপন করা দরকার; কিন্তু বরাদ্দ না পাওয়ায় তা করা যাচ্ছে না।টেকনাফ: অস্বাভাবিকভাবে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে উপজেলার বিভিন্ন এলাকার নলকূপ ও পাতকুয়ায় লোনা পানি ঢুকে তা এখন পানের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন দুপুর ও সন্ধ্যার দিকে বিভিন্ন বয়সের নারী, কিশোরী ও শিশুরা কলস নিয়ে হেঁটে দুই-তিন কিলোমিটার দূরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গভীর পাতকুয়া, পাহাড়ি ঝরনা, বিভিন্ন পুকুর ও স্থানীয় সাংসদের বাড়িতে ভিড় করছে।টেকনাফ পৌর এলাকার চৌধুরীপাড়ার গৃহিণী রহিমা খাতুন বলেন, ‘জোয়ারের পানি পত্যদিন আরাঁর ঘর-বাড়িত ঢুকে। ফুয়াতি ফুয়াতি গরত থাকা পাখকুয়াত লোনাপানি ঢুকিয়ারে খাইবর পানি নুন হই গি ওই। এহন খাইবর পানির লা খুব কষ্ট পাইর।’ জালিয়াপাড়ার বাসিন্দা কাদের হোসেন ও নাছির উদ্দীন বলেন, জোয়ারের পানি তাঁদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। যাদের সামর্থ্য রয়েছে, তারা এখন ফেরিওয়ালার কাছ থেকে পানি খাচ্ছে। আর যাদের নেই তারা কলস ও হারিকেন হাতে নিয়ে গ্রাম থেকে গ্রামে ছুটে বেড়াচ্ছে।পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হাছান আহমদ বলেন, জোয়ারের পানিতে পৌর এলাকার অধিকাংশ নলকূপ ও পাতকুয়া কোমরসমান লোনাপানিতে ঢুকে যাচ্ছে। বাঁধ মেরামত করা না হলে এলাকার সাধারণ মানুষের মধ্যে সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে। টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বখতিয়ার আলম বলেন, পুকুর ও খালের পানি পান করে এলাকার লোকজন পেটের পীড়ায় ভুগছে। কুতুবদিয়া: ২১ কিলোমিটার বেড়িবাঁধ দিয়ে লোনাজল ঢুকে পড়ায় উপজেলার বিভিন্ন স্থানে পানীয়জলের জন্য হাহাকার দেখা দিয়েছে। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউসুফ সিদ্দিকী জানান, সাগরে নিম্নচাপের ফলে দ্বীপের শত শত মানুষ ঘরহারা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী বলেন, কুতুবদিয়া দ্বীপের ছয়টি ইউনিয়নের ৪০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে গেল অমাবস্যার জোয়ারে ৩২টি এলাকা দিয়ে বাঁধ ভেঙে ৪০টি গ্রামে লোনাপানিতে প্লাবিত হয়েছে। বর্তমানে দ্বীপের ৫০ হাজার মানুষ পানীয়জলের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছে।