
দীর্ঘ ২৮ বছর পর চট্টগ্রাম ওয়াসার ভান্ডারে পানির পরিমাণ বেড়েছে। ‘কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের’ কাজ শেষ হওয়ায় দিনে ১৪ কোটি লিটার বেশি পানি পাচ্ছে সংস্থাটি। এত দিন পানি উৎপাদনের ক্ষমতা ছিল সর্বোচ্চ ১৮ কোটি লিটার। তবে পরিমাণ বাড়লেও গ্রাহকের দোরগোড়ায় পানি পৌঁছে দিতে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পুরোনো বিতরণ লাইন। পানির চাপ বাড়ায় প্রতিদিনই ত্রুটি (লিকেজ) দেখা দিচ্ছে বিতরণ লাইনগুলোতে।
১ নভেম্বর থেকে নতুন প্রকল্পের পানি পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু করেছে চট্টগ্রাম ওয়াসা। এতে নগরের বিভিন্ন এলাকায় আগের তুলনায় বেশি পানি পাচ্ছেন গ্রাহকেরা। তবে পানি সরবরাহের লাইন অনেক পুরোনো হওয়ায় নতুন বিপদে পড়েছে ওয়াসা।
ওয়াসা সূত্র জানায়, ১ নভেম্বর থেকে এ পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় বিতরণ লাইনের ছোট-বড় প্রায় ৪০০ লিকেজ সারানো হয়েছে। বিতরণ লাইনে আরও প্রায় দেড় শ লিকেজের তথ্য রয়েছে ওয়াসার কাছে। প্রতিদিনই নতুন নতুন লিকেজ দেখা যাচ্ছে। গত সপ্তাহের প্রথম চার দিন নতুন প্রকল্পের ১৪ কোটি লিটার পানি পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু করে ওয়াসা। কিন্তু লিকেজের পরিমাণ বেড়ে যাওয়ায় গত বুধবার থেকে পানি সরবরাহের পরিমাণ কমানো হয়েছে। ওয়াসার তথ্য অনুযায়ী, নগরে পানির দৈনিক চাহিদা ৫০ কোটি লিটারের বেশি।
‘কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের’ পানি যোগ হওয়ায় এখন চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদনের ক্ষমতা সর্বোচ্চ ৩২ কোটি লিটারে পৌঁছেছে। কিন্তু লিকেজের কারণে গতকাল সোমবার ২৯ কোটি লিটার পানি উৎপাদন ও সরবরাহ করেছে ওয়াসা।
জাপানি দাতা সংস্থা জাইকার অর্থ সহায়তায় ১ হাজার ৮৪৮ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের কাজ শেষ করেছে চট্টগ্রাম ওয়াসা। প্রকল্পটি শেষ করতে প্রায় ১০ বছর লেগেছে। রাঙ্গুনিয়ার পোমরায় কর্ণফুলী নদীর তীরে সাড়ে ৩৫ একর জমির ওপর এই পানি শোধনাগারটি নির্মাণ করা হয়েছে। পানির উৎপাদন বাড়াতে ১৯৮৮ সালের পর এটিই চট্টগ্রাম ওয়াসার বাস্তবায়ন করা প্রথম কোনো প্রকল্প।
গত সোমবার দুপুর দুইটায় নগরের গোলপাহাড় মোড়ে গিয়ে দেখা যায়, চৌরাস্তার এক পাশে বিতরণ লাইনের লিকেজ সারানোর জন্য রাস্তায় গর্ত করে রেখেছে ওয়াসা। এর ২৫ গজ দূরে ও আর নিজাম সড়কের সুবর্ণা আবাসিক এলাকায় ঢোকার মুখেও একই রকম আরেকটি গর্ত দেখা যায়। এ কাজের সঙ্গে সংশ্লিষ্ট ওয়াসার কর্মকর্তা জানান, দিনে গাড়ি চলাচলের সমস্যা এড়াতে রাতে লিকেজ সারানোর কাজ করা হচ্ছে। গত তিন দিনে শুধু মেহেদীবাগ সড়কেই প্রায় ২০টি লিকেজ মেরামত করা হয়েছে। কোনো কোনো সড়কে রাস্তার মাঝখানে কাজ চলায় গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে।
কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের পরিচালক ও ওয়াসার প্রধান প্রকৌশলী মুহাম্মদ জহুরুল হক প্রথম আলোকে বলেন, পানি সরবরাহের লাইনগুলো অনেক পুরোনো। ৫০ বছরের পুরোনো লাইনও আছে। লাইনে পানির চাপ বাড়ানো হলেই বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিচ্ছে। প্রয়োজন বুঝে পানির চাপ বাড়ানো-কমানো হচ্ছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সব লিকেজ মেরামত করা সম্ভব হবে। তখন নিরবচ্ছিন্ন পানি সরবরাহ করা যাবে।
ওয়াসার কর্মকর্তারা বলেন, বিতরণ লাইন মেরামতের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি ছাড়া উপায় নেই। বড় ফাটল হলে লাইনে পানি সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। ঠিকাদার, ওয়াসার নিজস্ব দলসহ মোট ২২টি দল লিকেজ মেরামতের কাজ করছে।
ওয়াসার সব লিকেজ মেরামতের পর রাস্তা স্থায়ীভাবে মেরামত করা হবে বলে জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, বিভিন্ন সড়ক আপাতত অস্থায়ীভাবে মেরামত করা হচ্ছে। ওয়াসার সব কাজ শেষ হলে স্থায়ী মেরামত করা হবে। মেরামতের ব্যয় দেবে ওয়াসা।
এদিকে পুরোনো বিতরণ লাইনগুলো বদলে ফেলার কাজও শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। চীনা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্প্রতি চুক্তি করেছে ওয়াসা। দ্বিতীয় কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের আওতায় শহরের প্রায় ৬১৫ কিলোমিটার নতুন পাইপলাইন বসানো হবে। ১ হাজার ১০ কোটি টাকা ব্যয়ে নতুন পাইপলাইন তৈরির কাজ শেষ হবে ২০২২ সাল নাগাদ।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, নতুন পাইপলাইন বসানোর কাজ শেষ হলে লিকেজ-সংক্রান্ত সব সমস্যার সমাধান হয়ে যাবে। তার আগে জোড়াতালি দিয়ে চালাতে হবে। তবে কর্ণফুলী প্রকল্পের পানি সরবরাহ শুরু হয়েছে, এটাই বড় কথা। আগামী ডিসেম্বরে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করার পরিকল্পনা আছে।
এদিকে নগরের বেশির ভাগ এলাকাতেই এখন রেশনিং (চাহিদার ভিত্তিতে সরবরাহ) ছাড়াই পানি সরবরাহ করা হচ্ছে বলে জানান ওয়াসার কর্মকর্তারা। পানির সরবরাহ বাড়ায় গ্রাহকেরাও সন্তুষ্ট। আগে যেসব এলাকায় পানির তীব্র সংকট ছিল, সেসব এলাকায়ও এখন পানির দেখা পাচ্ছেন গ্রাহকেরা। বিশেষ করে, হালিশহর, মধ্য রামপুরা, ঈদগাহ কাঁচাবাজার, আগ্রাবাদের হাজীপাড়া, নাজিরপোল, পানওয়ালাপাড়ার গ্রাহকদের পানির দুর্ভোগ অনেকটাই কেটেছে।
হালিশহরের মধ্য রামপুরা এলাকার বাসিন্দা আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘আগে মাঝে মাঝে পানি পেতাম। খুব কষ্টে থাকতে হতো। এক সপ্তাহ ধরে টানা পানি পাচ্ছি। আশা করি, এখন থেকে নিয়মিত পানি দেবে ওয়াসা।’