পানির জন্য হাহাকার চট্টগ্রাম কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পানি না থাকায় গোসল করতে পারিনি নয় দিন ধরে। খাবারও পাচ্ছি দেরিতে। টয়লেট সারছি টিস্যু দিয়ে। এক ওয়ার্ডে গাদাগাদি করে থাকতে হচ্ছে অনেক বন্দীকে। দুর্গন্ধে দম ফেলা কষ্টকর।’ গতকাল মঙ্গলবার আদালত প্রাঙ্গণে ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন কারাগারের বাসিন্দা নূর মিয়া ও রহিমা বেগম। শুধু তাঁরাই নন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের চার হাজার ৭৫৫ জন বন্দী এবং চার শ কর্মকর্তা-কর্মচারী পানি সংকটে পড়েছেন।
সংকট নিরসনে কারা কর্তৃপক্ষ ওয়াসাকে চিঠি দিলেও সুরাহা হচ্ছে না। এতে ক্ষুব্ধ হয়ে উঠছেন বন্দীরা। এ অবস্থায় কারাগারের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কারণ, বর্তমানে ২০ জন দুর্ধর্ষ আসামি, ১৭ জেএমবির নেতা, ১১ ফাঁসির আসামি এবং জামায়াত-শিবিরের ৫০০ নেতা-কর্মী রয়েছেন।
বিষয়টির সত্যতা স্বীকার করে কারাধ্যক্ষ রফিকুল কাদের প্রথম আলোকে বলেন, নয় দিন ধরে পানি নেই। বাইরে থেকে কিনে এনে কোনোমতে কাজ সারা হচ্ছে। গোসলসহ প্রয়োজনীয় পানি না পাওয়ায় বন্দীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ সুযোগে দুর্ধর্ষ আসামিরা সাধারণ বন্দীদের উসকে দিচ্ছে। এ জন্য কারাগারের প্রতিটি ওয়ার্ডে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তিনি জানান, নষ্ট পানির পাম্পগুলো মেরামত করতে ওয়াসাকে একাধিকবার চিঠি দিলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।
কারাগার সূত্র জানায়, প্রতিদিন হাজার হাজার বন্দীর জন্য সকালে নাশতা, দুপুরে ও রাতে খাবার পরিবেশন করা হয়। এ জন্য ৩০টি রান্নার চুলা রয়েছে। রান্নাসহ যাবতীয় কাজে পানির প্রয়োজন। কিন্তু ১৫ সেপ্টেম্বর থেকে দুটি পানির পাম্পই নষ্ট। কারা কর্তৃপক্ষ বন্দীদের শান্ত রাখতে বাইরে থেকে পানি কিনে আনছে। কেনা পানি নিয়ে রান্না ও টয়লেটের প্রয়োজন সাড়া হচ্ছে। এই কারাগারে ধারণ ক্ষমতা রয়েছে তিন হাজার বন্দীর। ধারণ ক্ষমতার চেয়ে বন্দী বেশি হওয়ায় তাঁদের গাদাগাদি করে থাকতে হয়। এখন গোসলের পানি না পাওয়ায় দুর্ভোগ চরমে উঠেছে। জানতে চাইলে চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ৪২০ ফুট লম্বা পাম্পে বালু জমেছে। পরিষ্কার করার পর বোঝা যাবে, পাম্পটি চলবে কি না। মেরামতের কাজ চলছে। আরও কয়েক দিন লাগতে পারে।