পানির জন্য হাহাকার সাতক্ষীরা শহরে
পানির জন্য সাতক্ষীরা শহরে হাহাকার শুরু হয়েছে। খাবার ও ব্যবহারের পানির জন্য সাতক্ষীরা শহরের মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। সাতক্ষীরা পৌরসভার পানির গ্রাহকদের সমস্যা কয়েক মাস ধরে। মাসাধিককাল ধরে এ অবস্থা প্রকট হয়েছে। বর্তমানে পৌরসভার অধিকাংশ এলাকার গ্রাহকেরা খাবার পানির পাশাপাশি গোসল করার মতো পানিও পাচ্ছেন না। কিছু কিছু এলাকায় পানি পাওয়া যাচ্ছে চাহিদার ২০ শতাংশ।
সরেজমিনে স্থানীয় বাসিন্দা ৫০-৬০ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, সাতক্ষীরা পৌরসভার মুনজিতপুর, দক্ষিণ কাটিয়া, উত্তর কাটিয়া, লস্করপাড়া, মাস্টারপাড়া কাছারিপাড়া, সরকারপাড়া, মধুমোল্লাডাঙ্গী, রাজারবাগান, পুরোনো সাতক্ষীরা, কামালনগরের পশ্চিমাংশ, পারকুকরালি, মিয়াসাহেবেরডাঙ্গীসহ শহরের অধিকাংশ স্থানে মাসাধিককাল ধরে প্রয়োজনীয় পানি পাচ্ছেন না গ্রাহকেরা।
সাতক্ষীরা শহরের মাস্টারপাড়া এলাকার কাজী জামালউদ্দিন জানান, কয়েক মাস ধরে তিনি পানি পাচ্ছেন না। আগে মাঝেমধ্যে খাবার জন্য পানির সরবরাহ পাওয়া গেলেও দুই সপ্তাহ ধরে তা একেবারেই পাচ্ছেন না।
সাতক্ষীরার পলাশপোল এলাকার আবদুল জলিল বলেন, তিন দিন ধরে তিনি এক ফোঁটাও পানি পাচ্ছেন না।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস শহরের সুলতানপুর এলাকায়। জেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন জানালেন, এক সপ্তাহ ধরে তাঁদের অফিস এলাকায় এক ফোঁটা পানি পাচ্ছেন না কেউ।
জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের বাবা অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে পানি পাচ্ছেন চাহিদার মাত্র ২০ শতাংশ।
সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার নাজমুন নাহার বলেন, তাঁরা পানি পান না। পৌরসভায় একাধিকবার বলেও কোনো সুরাহা হয়নি। শহরের প্রাণসায়ের খালের পশ্চিম পাড়ের কয়েকটি এলাকা ছাড়া শহরের অধিকাংশ এলাকায় পানির জন্য চলছে হাহাকার।
মুনজিত এলাকার আমিনুর রশিদ ও রাজারবাগান এলাকার আবদুল লতিফ জানান, ‘পানির জন্য চলছে হাহাকার। বাড়িতে পয়োনিষ্কাশনের কাজ সারব, এমন পানিও নেই।’
সাতক্ষীরা নাগরিক কমিটির সদস্য আজাদ হোসেন, মাইমুল হক ও আলী নূর খান বলেন, পানির অভাবে সাতক্ষীরা শহরের মানুষ দুর্বিষহ জীবন কাটাচ্ছে। শহরের অনেক এলাকায় খাবার পানিও পাওয়া যাচ্ছে না। মানুষ অস্বাস্থ্যকর পরিবেশ থেকে পানি সংগ্রহ করে পান করছে। তাঁরা আরও জানান, সাতক্ষীরা শহরে ১৫ বছর আগে অনেক পুকুর ছিল। ওই সব পুকুরের অধিকাংশই ভরাট করে বাড়িঘর নির্মাণ করা হয়েছে। ফলে পৌরসভার পানি সরবরাহ স্বাভাবিক না থাকলে পানির জন্য হাহাকার পড়ে যায়।
সাতক্ষীরা পৌরসভার পানি সরবরাহ কেন্দ্রের সহকারী প্রকৌশলী সেলিম সরোয়ার জানান, চাহিদা অনুযায়ী পানি উৎপাদন করা যাচ্ছে না। ১৩টি মেশিনের মধ্যে বর্তমানে ২টি খারাপ। ১১টি মেশিন দিয়ে প্রায় ১ কোটি লিটার পানি গ্রাহকদের সরবরাহ করা যায়। কিন্তু লোডশেডিংয়ের কারণে তা–ও করা যাচ্ছে না। তিনি আরও বলেন, মোটর দিয়ে পানি তুলে পাঁচটি এলাকার ট্যাংক ভরতে টানা চার ঘণ্টা বিদ্যুতের প্রয়োজন হয়। লোডশেডিং করে সেখানে সর্বোচ্চ একসঙ্গে এক ঘণ্টার বেশি বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। বর্তমানে পৌরসভার পানির ৯ হাজার ২ জন গ্রাহকের প্রয়োজন ১ কোটি ৪০ লাখ লিটার। সেখানে বর্তমানে সরবরাহ করা যাচ্ছে ৬০ লাখ লিটার। তবে বিদ্যুৎ সরবরাহ ঠিক হলে এতটা সমস্যা থাকবে না বলে তিনি দাবি করেন।
সাতক্ষীরা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. রোকনুজ্জামান বলেন, বর্তমানে তাঁদের বিদ্যুৎ দরকার ১৪ মেগাওয়াট। সেখানে পাচ্ছেন ৭-৮ মেগাওয়াট। ফলে টানা চার ঘণ্টা বিদ্যুৎ দেওয়া একরকম অসম্ভব হয়ে পড়েছে। তারপরও বিদ্যুৎ একটু বেশি পেলে পানির পাম্প এলাকায় ট্যাংক ভর্তির জন্য বিদ্যুৎ সরবরাহ দেওয়ার চেষ্টা করবেন।