পানির ট্যাংক ধসে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফকিরাপুল বাজার এলাকায় গতকাল বুধবার বিকেলে নির্মাণাধীন মসজিদের পানির ট্যাংক ধসে পড়ে একজন নিহত ও আটজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবদুস সালাম (৩৮)। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুনুর রশীদ প্রথম আলোকে জানান, ফকিরাপুল বাজার এলাকায় নির্মাণাধীন ছয়তলা মসজিদের চারতলায় কাজ চলছিল। বিকেল সোয়া পাঁচটার দিকে ছাদের ওপর পানির ট্যাংক ধসে পড়ে। এ সময় ট্যাংকের ধসে পড়া ইটের আঘাতে পাশের সানলাইট অপরূপ ওয়াশিং নামে একটি লন্ড্রি দোকানের কর্মচারী আবদুস সালাম মারা যান। এ ঘটনায় আরও আটজন আহত হন। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুমন ভট্টাচার্য জানান, আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। নিহত সালামের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।