পানির ট্যাংক পরিষ্কারে নেমে দুই শ্রমিকের মৃত্যু
পিরোজপুর শহরের একটি নির্মাণাধীন বাড়ির পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষক্রিয়ায় দুই শ্রমিক মারা গেছেন। গতকাল শনিবার শহরের কুমারখালী মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শহরের কুমারখালী মহল্লার মো. আলমের ছেলে মো. শামীম (২৭) ও কাউখালী উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে আবদুল আলিম (৩০)।
ফায়ার সার্ভিস, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটায় কুমারখালী মহল্লার নাসির উদ্দিনের নির্মাণাধীন বাড়ির পানির ট্যাংকে কাজ করার জন্য শ্রমিক মো. শামীম ও আবদুল আলিম ট্যাংকের ভেতরে নামেন। এ সময় বিষাক্ত গ্যাসে তাঁরা অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস পিরোজপুর স্টেশনের পরিদর্শক মোল্লা সেকান্দার আলী জানান, দুই শ্রমিককে উদ্ধার করতে গিয়ে নাজমুল ইসলাম ও মেহেদী হাসান নামের ফায়ার সার্ভিসের দুই কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ননী গোপাল সাহা প্রথম আলোকে বলেন, সেপটিক ট্যাংক বা পানির রিজার্ভ ট্যাংকের মধ্যে অনেক সময় কার্বন মনোক্সাইড নামের বিষাক্ত গ্যাস তৈরি হয়। এ কারণে এ ধরনের ট্যাংকে কাজ করার আগে ফায়ার সার্ভিসকে জানানো উচিত। ফায়ার সার্ভিসের পরামর্শ অনুযায়ী কাজ করলে দুর্ঘটনা এড়ানো যেতে পারে। এ ছাড়া এই ধরনের ট্যাংকে কাজ করার তিন থেকে চার ঘণ্টা আগে ট্যাংকের ঢাকনা খুলে রাখা উচিত।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।