পানির ট্যাংক বিস্ফোরণে আরেকজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকার পল্লবীতে পানির ট্যাংক বিস্ফোরণের ঘটনায় আরেকজনের মৃত্যু হয়েছে। বাড়ির মালিকের স্ত্রী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হাসিন আরা বেগম (৬০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে মারা গেছেন।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। হাসিনের শরীরে ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে এই ঘটনায় দগ্ধ তিন বছরের শিশু রুহী গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশু রুহীর বাবা রেজাউল করিম স্টুডিওর দোকানি। দুই বোনের মধ্যে রুহী ছিল ছোট। ওই বাড়িতে তারা ভাড়া থাকত।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর মুসলিমবাগ এলাকায় একটি বাড়িতে পানির ট্যাংক বিস্ফোরণের ঘটনায় শিশুসহ পাঁচজন দগ্ধ হয়। ওই বাড়ির নিচতলায় থাকা পানির ট্যাংকে পানি আছে কি না, তা দেখার জন্য দেশলাই জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এতে দগ্ধ হন বাড়িওয়ালা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ইয়াকুব আলী (৭০), তাঁর স্ত্রী হাসিন আরা বেগম (৬০), ভাড়াটে ইয়াসমিন (২৭), তাঁর শিশুকন্যা রুহী (৩) ও শ্রমিক হাসান (৩২)।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, ভূগর্ভস্থ পানির ট্যাংকটি অনেক দিন পরিষ্কার করা হয়নি। দেশলাইয়ের আগুনের সঙ্গে ট্যাংকে জমে থাকা গ্যাসের সংস্পর্শে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, দগ্ধ ব্যক্তিদের শ্বাসনালি পুড়ে গেছে। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক। তিনি জানান, ইয়াকুবের শরীরের ২৫ শতাংশ, ইয়াসমিনের ৪১ শতাংশ ও হাসানের ৮৫ শতাংশ পুড়ে গেছে।