পানির ট্যাংক বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকার পল্লবীতে পানির ট্যাংক বিস্ফোরণের ঘটনায় আরেকজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম মাহবুব হাসান (৩২)। আজ শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে এই ঘটনায় তিনজনের মৃত্যু হলো।

মাহবুবের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার গোবিন্দপুর গ্রামে। তাঁর স্ত্রী ও দুই বছরের এক মেয়ে রয়েছে।

মাহবুবের স্ত্রী নীপা জানান, মাহবুব পল্লবীর ওই বাড়ির ছাদের চিলেকোঠায় ভাড়া থাকতেন। তিনি গাড়ি চালানো থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতেন। বাড়িওয়ালাও কোনো কাজ করে দিতে বললে করে দিতেন।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মাহবুবের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর মুসলিমবাগ এলাকায় একটি বাড়িতে পানির ট্যাংক বিস্ফোরণের ঘটনায় শিশুসহ পাঁচজন দগ্ধ হয়। ওই বাড়ির নিচতলায় থাকা পানির ট্যাংকে পানি আছে কি না, তা দেখার জন্য দেশলাই জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এতে দগ্ধ হন বাড়িওয়ালা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ইয়াকুব আলী (৭০), তাঁর স্ত্রী হাসিন আরা বেগম (৬০), ভাড়াটে ইয়াসমিন (২৭), তাঁর শিশুকন্যা রুহী (৩) ও শ্রমিক মাহবুব হাসান (৩২)। বর্তমানে চিকিৎসাধীন ইয়াকুবের শরীরের ২৫ শতাংশ ও ইয়াসমিনের ৪১ শতাংশ পুড়ে গেছে।

এঁদের মধ্যে মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে রুহী ও বৃহস্পতিবার সকালে হাসিন আরা মারা যান। রুহীর শ্বাসনালিসহ শরীরের ৯০ শতাংশ এবং হাসিনের শরীরে ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।