পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণে দগ্ধ ৬
রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকায় পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণে এক নারীসহ ছয়জন দগ্ধ হয়েছেন।
দগ্ধ ছয়জন হলেন ওই বাসার নিরাপত্তারক্ষী আবেদ আলী (৫০), শ্রমিক সাদ্দাম হোসেন (২৮), আবদুর রাজ্জাক (৫০), মাসুম আলী (২৪), রাজ্জাক (২৩) ও শিরিন আক্তার (২৭)।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ধানমন্ডির ৪ নম্বর রোডের ৩৪/এ বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওই বাসার ভাড়াটে রাকিবুল ইসলাম বলেন, সকালে চারতলা ভবনের নিচতলায় পানির ট্যাংক পরিষ্কার করতে নামেন ওই ছয়জন। এ সময় হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে তাঁরা দগ্ধ হন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, আবেদ আলীর শরীরের ৩৮, সাদ্দামের ৩০, আবদুর রাজ্জাকের ৩৮, মাসুমের ৪৯, রাজ্জাকের ২৭ ও শিরিন আক্তারের শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর প্রথম আলোকে বলেন, দগ্ধ সবার খাদ্যনালি আক্রান্ত হয়েছে। কেউই শঙ্কামুক্ত নন।