পানির ট্যাংকে কীটনাশক, ১২ শিশু অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ীতে মসজিদের ট্যাংকের পানি খেয়ে গত সোমবার সন্ধ্যায় ১২টি শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ১১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ শিশুদের সবার বাড়ি উপজেলার রিশিকুল ইউনিয়নের তালাই কুন্দলিয়া গ্রামে।
হাসপাতালে ভর্তি করা শিশুরা হচ্ছে বিপ্লব (১১), নাইম ইসলাম (১৪), মিফতাহুল জান্নাতি (৮), আফতাব রাইয়ান (৯), শাহাদাত হোসেন (১৪), সিফাত ইসলাম (১২), সাব্বির হোসেন (১২) ও সাহাবুদ্দিন (১৩), শামীম হোসেন (১৩), শুভ (১৪) ও গোবিন্দ । গতকাল মঙ্গলবার বিকেলে হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তারা সবাই শঙ্কামুক্ত।
এ ছাড়া একই সঙ্গে অসুস্থ শিশু গোপালকে (১২) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এসব শিশু গত সোমবার বিকেলে মাঠে খেলাধুলা করে এসে গ্রামের ওই মসজিদের ট্যাপ থেকে পানি পান করে। মসজিদের ট্যাংকের পানিতে কীটনাশক দেওয়া হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ জানান, গত সোমবার বিকেলে তালাই কুন্দলিয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে ওই শিশুরা খেলাধুলা করে। সন্ধ্যা সাতটার দিকে তারা খেলা শেষে মসজিদের ট্যাপের পানি পান করে। এর কিছুক্ষণ পরই প্রথমে পাঁচজনের পেট ও বুক জ্বালাপোড়া শুরু হয় এবং বমি করতে থাকে। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর কিছুক্ষণ পর আরও সাতটি শিশু অসুস্থ হয়ে পড়লে তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে পাঠানো হয়। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
ওসি আরও বলেন, খবর পেয়ে রাতেই তিনিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনির হোসেন, রিশিকুল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম, মাদ্রাসার সুপার আলী আকবর স্থানীয় লোকজন নিয়ে ওই মসজিদের পানির ট্যাংকটি পরিদর্শন করেন। এ সময় ট্যাংকের পাশে সিনজেন্টা কোম্পানির কীটনাশকের ১০০ মিলির দুটি বোতল পাওয়া যায়। এর মধ্যে একটি খালি ও অপরটি ভরা ছিল। ওভার ফ্লো পাইপ দিয়ে ট্যাংকের পানিতে বিষ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া পানিতেও বিষের গন্ধ পাওয়া গেছে বলে জানান আবু ফরহাদ। তিনি বলেন, ঈদের নামাজ পড়ানো নিয়ে দুই পক্ষের বিরোধে এ ঘটনা ঘটেছে বলে তাঁরা প্রাথমিকভাবে ধারণা করছেন। তদন্ত শেষ হলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দুপক্ষের বিরোধের ঘটনায় একটি মামলাও প্রক্রিয়াধীন।
মসজিদ কমিটির সভাপতি জামিনুর রহমান বলেন, ‘আমরা কয়েক মাসের মধ্যে পানিতে কোনো ওষুধ দেইনি। বাচ্চাদের অসুস্থ হয়ে পড়া দেখে অবাক হয়ে গেছি। কীভাবে এই ঘটনা ঘটলো বুঝতে পারছি না।’