পানির ট্যাংকে নেমে প্রাণ গেল তিনজনের
গোপালগঞ্জ সদরে নির্মাণাধীন একটি বাড়ির পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের থানা পাড়া এলাকার ব্যবসায়ী হায়দার আলী মুন্সীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শ্রমিকেরা হলেন রাজমিস্ত্রি সুমন মোল্লা (৩৫), শ্রমিক জাহিদ মোল্লা (১৬) ও নূর ইসলাম (২০)। তাঁরা সদর উপজেলার গোপীনাথপুর ও আড়পাড়া গ্রামের বাসিন্দা।
ঘটনাস্থলে থাকা অন্য কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, ময়লা পরিষ্কারের জন্য আজ লোহার সিঁড়ি বেয়ে ওই তিন শ্রমিক নির্মাণাধীন বাড়িটির পানির ট্যাংকে নামেন। এরপর তাঁদের সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্যাংকের ভেতর থেকে ওই তিনজনের মৃতদেহ উদ্ধার করে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. নিয়ামূল হুদা বলেন, পানির ট্যাংকের মধ্যে কার্বন মনোঅক্সাইড গ্যাস থাকায় অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। এ কারণে শ্বাস বন্ধ হয়ে ওই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, লাশ তিনটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।