পানির ট্যাংকে ফেলে শিশু হত্যার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাঁসি
প্রতীকী ছবি

চট্টগ্রামের মিয়াখান নগরে পানির ট্যাংকে ফেলে দুই বছরের শিশু আবদুর রহমান আরাফকে হত্যার দায়ে তিন আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জসিম উদ্দিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের বাকলিয়া থানার মিয়াখান নগরের মো. ফরিদ, শিশু আরাফের পরিবারের ভাড়া বাড়ির দারোয়ান মো. হাসান (২৩) ও হাসানের মা নাজমা বেগম। আসামিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের সরকারপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) প্রবীর কুমার ভট্টাচার্য বলেন, ‘আসামিদের বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। নিষ্পাপ শিশুটির পরিবারের সঙ্গে খুনিদের কোনো বিরোধ ছিল না।’

আদালত সূত্র জানা গেছে, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আলম মিয়া ছিলেন ওই ভবনের মালিক। তাঁকে ‘মামলায় ফাঁসাতে’ ওই ভবনের বাসিন্দা কোনো শিশুকে হত্যা করতে নাজমা বেগমকে ২০ হাজার টাকার লোভ দেখান ফরিদ।

ফরিদ বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীর অনুসারী ছিলেন। শিশু হত্যার ঘটনার আগে কাউন্সিলর প্রার্থী নুরুল আলম মিয়ার প্রচারে হামলার ঘটনায় ফরিদকে আসামি করা হয়েছিল। এ কারণে তিনি ক্ষুব্ধ ছিলেন।

একটি বেসরকারি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কর্মচারী আবদুল কাইয়ুমের একমাত্র সন্তান ছিল আরাফ। রায়ে সন্তোষ প্রকাশ করে আরাফের বাবা বলেন, ‘আশা করি উচ্চ আদালতেও এই সাজা বহাল থাকবে।’

২০২০ সালের ৬ জুন বিকেলে বাকলিয়া থানার মিয়াখান নগরে একটি ভবনের ছাদের পানির ট্যাংকে ফেলে হত্যা করা হয় শিশু আরাফকে। ওই ঘটনায় ফরিদ, হাসান ও নাজমা বেগমকে আসামি করা হয়। আদালতে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ঘটনার দিন বিকেলে মিয়াখান নগরে ভবনের সামনে গাড়ি রাখার জায়গায় খেলছিল শিশু আরাফ। মা ফারহানা ইসলাম ছেলের জন্য পানি আনতে ঘরের ভেতরে যান। তিনি ফিরে এসে দেখেন ছেলে নেই। এ ফাঁকে আদর করার ছলে আরাফকে নিয়ে ভবনের ছাদে চলে যান নাজমা বেগম। সেখানে পানির ট্যাংকে ফেলে আরাফকে হত্যা করা হয়।

স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নাজমা বেগম বলেছিলেন, ঋণগ্রস্ত হয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। অর্থের লোভ ও ফরিদের প্রলোভনে বাড়িওয়ালাকে ফাঁসাতে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। ঘটনার সময় ছেলে হাসান গেট খুলে দিয়ে তাঁকে ছাদে উঠতে সহায়তা করেন।