পানির ট্যাংকে মা-মেয়ের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোববার চট্টগ্রামের খুলশী থানার আমবাগান ফ্লোরাপাস রোড এলাকায় বাড়ির রিজার্ভ ট্যাংক থেকে উদ্ধার করা হয় মা-মেয়ের মৃতদেহ। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন মৃতদেহ উদ্ধারের সময় ওই বাড়ির ঘিরে রাখেন। ছবি: সৌরভ দাশ
রোববার চট্টগ্রামের খুলশী থানার আমবাগান ফ্লোরাপাস রোড এলাকায় বাড়ির রিজার্ভ ট্যাংক থেকে উদ্ধার করা হয় মা-মেয়ের মৃতদেহ। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন মৃতদেহ উদ্ধারের সময় ওই বাড়ির ঘিরে রাখেন। ছবি: সৌরভ দাশ

চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকার ফ্লোরাপাস রোডের নির্মাণাধীন একটি চারতলা ভবনের নিচতলায় পানির রিজার্ভ ট্যাংক থেকে আজ রোববার বিকেলে মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত দুজন হলেন মা মনোয়ারা বেগম (৯৫) ও মেয়ে মেহেরুন্নেছা আক্তার (৬৭)।

পুলিশ বলছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

এর আগে গত ২৭ জুন সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার সৈয়দ শাহ রোডের ছয়তলা একটি ভবনের ষষ্ঠতলার ফ্ল্যাট থেকে স্কুলছাত্রী ইলহাম বিনতে নাছিরের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হলেও কোনো ক্লু (সূত্র) পায়নি পুলিশ।

চিরকুমারী মেহেরুন্নেছা রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল কর্মকর্তা ছিলেন। তাঁরা চার ভাই, পাঁচ বোন। বড় দুই ভাই মারা গেছেন। ছোট দুই ভাইয়ের মধে৵ মাসুদুর রহমান যুক্তরাষ্ট্রে থাকেন। আরেক ভাই মোস্তাফিজুর রহমান ঢাকায় থাকেন। বোনদের মধে৵ দুজন যুক্তরাষ্ট্র ও আয়ার‍ল্যান্ডে থাকেন। বাকি দুজন দেশে থাকেন। মাকে নিয়ে থাকতেন মেহেরুন্নেছা। বাড়িটি তাঁর নামেই। চারতলা বাড়ির নিচতলার কাজ সম্পন্ন হয়েছে। সেখানে দুটি ফ্ল্যাট রয়েছে। একটিতে মা-মেয়ে থাকতেন। আরেকটি খালি। ওপরের তিনতলায় শুধু ছাদ রয়েছে। নিহত দুজনের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব এলাকায়।

রোববার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও থানার পুলিশ ভবনটি ঘিরে রেখেছে। কিছু কর্মকর্তা ভেতরে ঢুকে আলামত সংগ্রহ করছেন। ফায়ার সার্ভিস পানির ট্যাংক থেকে লাশগুলো তোলার চেষ্টা করছে। পরে বিকেল চারটার দিকে লাশ তোলা হয়।

পাহাড়ের পাদদেশে ভবনটি। নিহত মা-মেয়ে ছাড়া বাসায় গৃহকর্মী কিংবা কোনো প্রহরী ছিলেন না। ভবনটির ৫০০ গজ পূর্বে আরেকটি ভবন রয়েছে। দক্ষিণ ও পশ্চিমে পাহাড়। উত্তরে ৫০০ গজ দূরে কয়েকটি ভবন রয়েছে। ভবনটির পূর্বের বাসিন্দা সুনীল বড়ুয়া জানান, বাসাটি থেকে তাঁরা কোনো চিৎকারের শব্দ শোনেননি। রোববার সকাল সাড়ে ১০টায় পুলিশ এলে তাঁরা শুনতে পান পানির ট্যাংকের ভেতর লাশ পড়ে রয়েছে। পাশের আরও কয়েকজন বাসিন্দাও জানালেন একই কথা।

নিহত বৃদ্ধার যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলের বন্ধু মাকসুদুর রহমান প্রথম আলোকে বলেন, রোববার সকাল থেকে মাকসুদ তাঁর মা ও বোনের সঙ্গে ফোনে যোগাযোগ করে পাচ্ছিলেন না। সকাল সাড়ে নয়টার দিকে তাঁকে বিষয়টি জানানো হয়। তিনি ভবনটিতে এসে দেখেন ভেতর থেকে প্রবেশের মূল দরজাটি বন্ধ রয়েছে। অনেক ডাকাডাকি করেও কারও সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে ভবনের দেয়াল টপকে ছাদের দরজা দিয়ে ভেতর ঢোকা হয়। ইতিমধ্যে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে অনেক খোঁজাখুঁজি করেও কাউকে দেখতে পায়নি। একপর্যায়ে এক পুলিশ সদস্যরা বাসার সিঁড়ির নিচে পানির রিজার্ভ ট্যাংকের ভেতরে লাশ দুটি দেখতে পান।

ভবনটি দখলের জন্য কোনো প্রভাবশালী মহল এ কাজ করেছে বলে ধারণা করছেন নিহত বৃদ্ধার নাতি মো. বেলাল। তিনি প্রথম আলোকে বলেন, ভবনটিতে তাঁর নানি ও খালা ছাড়া কেউ থাকতেন না। ভবনটি তাঁর খালার। হয়তো জোর করে ভবনটি তাঁর কাছ থেকে লিখে নিয়ে প্রভাবশালী মহল ঘটনা ধামাচাপা দিতে দুজনের লাশ পানির ট্যাংকে ফেলে দেয়।

বিকেলে পানির ট্যাংক থেকে লাশ দুটি তোলার পর নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, মাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। আর মেয়ের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে এ হত্যা, তা বের করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।