পানির ট্যাংকের পাশের এলাকায় পানির কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালমাটিয়া পানির ট্যাংকে সরবরাহের জন্য কোটি কোটি লিটার পানি থাকলেও এলাকার বাসিন্দারা পানির কষ্টে আছে। প্রায় তিন মাস ধরে বাসাবাড়িতে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি আসছে। বর্তমানে এই পানি ব্যবহারের অনুপযোগী। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিনেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
লালমাটিয়া এ ব্লক এবং আশপাশের এলাকার শতাধিক ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ হচ্ছে না বলে জানা গেছে। দিনের পর দিন বাড়তি টাকা গুনে খাবার পানি সংগ্রহ করছে অনেকেই। ৩/৭ নম্বর বাড়ির কয়েকজন বাসিন্দা ক্ষোভ জানিয়ে বলেন, বর্তমানে ওয়াসার কল খুলে যে পানি আসে, তা কখনো হলুদ, কখনো কালচে গাদ ভরা। ফোটালে বা ফিল্টার দিলেও ওই পানি পরিষ্কার হয় না, গন্ধও যায় না। এ অবস্থায় জারের পানি ব্যবহার করছেন তাঁর মতো অনেক বাসিন্দা। তাঁরা বলেন, বছর খানেক আগে এলাকায় পানির লাইন বদল হয়। সরু পাইপ বদলে চওড়া পাইপ বসানো হয়। তাঁদের আশা ছিল, পাইপ চওড়া হওয়ায় বেশি পানি আসবে।
পানির ট্যাংকের পাশেই বসবাস করেন এক বেসরকারি সংস্থার কর্মকর্তা জয়নাল আবেদীন। তিনি বলেন, গত কয়েক দিন সূর্যের তাপ অনেক বেশি। কিন্তু বাইরে থেকে এসে কল খুলে যে পানি পান, তা দিয়ে হাত ধুতেও ইচ্ছা করে না। নিরুপায় হয়ে গতকাল তিনি তাঁর কার্যালয়ে গোসল করেছেন। কিন্তু তাঁর পরিবারের সদস্যরা কী করবেন?
মোতাহার হোসেন নামের এক বাসিন্দা তাঁর নাতির আহত হওয়ার কথা উল্লেখ করে বলেন, এক বছরের বেশি সময় আগে এলাকায় পানির লাইনের জন্য রাস্তা খোঁড়া হয়েছিল। স্কুলে যাওয়ার পথে ওই গর্তে পড়ে তাঁর নাতির পা ভাঙে। পরে তাঁরা জানতে পেরেছিলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় ওয়াসা চওড়া পাইপ বসানোর জন্য রাস্তা খুঁড়ছে।
মোতাহার হোসেনের কথার জের ধরে এলাকার আরও কয়েকজন বাসিন্দা বলেন, ওই সময়ে সান্ত্বনা ছিল, এলাকাবাসীর সুবিধায় বৃহৎ স্বার্থে রাস্তা খোঁড়া হয়েছে। কিন্তু বর্তমানে যে পানি পাওয়া যাচ্ছে, আগের সরু পাইপের পানি তার চেয়ে অনেক ভালো ছিল।
ঢাকা ওয়াসার ৩ নম্বর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আবদুল ওয়াহাব বলেন, সায়েদাবাদের পানি লালমাটিয়া এলাকায় খুব একটা আসে না। এলাকার পানিতে ময়লা কেন—এমন প্রশ্নের জবাবে নির্বাহী প্রকৌশলী বলেন, এ বিষয়ে তিনি অবগত নন। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।