পানির দরে দুধ বিক্রি গোখাদ্যের দাম চড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় পানির দরে দুধ বেচে সেই টাকায় বেশিমূল্যে ভেজাল গোখাদ্য কিনে প্রতারিত হচ্ছেন খামারিরা। এ অবস্থায় লোকসানের পাল্লা ভারী হতে থাকায় গরু বেচে দিচ্ছেন কোনো কোনো খামারি।
বেড়া ও সাঁথিয়া উপজেলা দেশের অন্যতম গরুর দুধ উৎপাদনকারী এলাকা। দুই উপজেলার বেশির ভাগ বাড়িতেই দুধ উৎপাদন ও মোটাতাজা করার জন্য গরু লালন-পালন করা হয়। মিল্ক ভিটা, আড়ং, প্রাণসহ বিভিন্ন দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান এখান থেকে দুধ সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে সারা দেশে বিক্রি করে থাকে। টানা অবরোধের কারণে প্রতিষ্ঠানগুলো দুধ সংগ্রহ কমিয়ে দেওয়ায় স্থানীয় বাজারে লোকসানে দুধ বেচতে হচ্ছে খামারিদের।
খামারিরা জানান, এই লোকসানের বোঝা আরও ভারী হচ্ছে গোখাদ্যের দাম বাড়তে থাকায়। অবরোধের কারণে যানবাহন বন্ধ থাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে খড়, ভুসি, খৈলসহ বিভিন্ন প্রকার গোখাদ্য বেড়া-সাঁথিয়ায় প্রায় আসতেই পারছে না। এর ফলে গত ২০-২৫ দিনে বেশির ভাগ গোখাদ্যের দাম ব্যাপক বেড়েছে। বেশ কিছু গোখাদ্যের দোকান ঘুরে জানা গেছে, অবরোধের আগে ৩৭ কেজি ওজনের এক বস্তা গমের ভুসির দাম ছিল ৮২০ টাকা। অথচ এখন এর দাম ১ হাজার ৫০ টাকা। একইভাবে ৩৫ কেজি ওজনের এক বস্তা খেসারির ভুসি ৮০০ টাকার স্থলে হয়েছে ৯৫০ টাকা। ৩২ টাকা কেজি দরের খৈল হয়েছে ৪০ টাকা। এ ছাড়া খড়, চিটাগুড়সহ অন্যান্য গোখাদ্যের দামও বেড়েছে।
খামারিদের অভিযোগ, অগ্নিমূল্যের এই গোখাদ্যে ভেজাল দিচ্ছেন একশ্রেণির অসাধু ব্যবসায়ী। তাঁরা গম ও বিভিন্ন ধরনের ডালের ভুসিতে ধানের গুঁড়া (তুষ), কাঠের গুঁড়া, পচা আটা, পচা চাল প্রভৃতি মিশিয়ে তাতে লেবেল এঁটে বাজারজাত করছেন।
এ ছাড়া প্রধান গোখাদ্য খড় কিনেও প্রতারিত হচ্ছেন খামারিরা। খামারিদের অভিযোগ, প্রতি মণ খড়ে পাঁচ থেকে আট কেজি করে কম দিচ্ছেন খড় ব্যবসায়ীরা। দুই উপজেলায় আড়াই শতাধিক খড় ব্যবসায়ী রয়েছেন। ওজনে খড় বিক্রির কথা থাকলেও তাঁদের কারও কাছেই দাঁড়িপাল্লা নেই। তাঁরা অনুমানের ভিত্তিতে খড় বিক্রি করে থাকেন।
বেড়া পৌর এলাকার পায়না মহল্লার খামারি মানিক মিয়া বলেন, ‘খামারের ১০টা গরু নিয়্যা খুব বিপদে আছি। দুধের দাম নাই। অথচ খ্যার-ভুসির দাম আকাশে যায়া উঠিছে। পাঁচ মণ খ্যার (খড়) কিনলি চার মণ পাওয়া যায়। তারা (খড় ব্যবসায়ী) কয়, নিলি ন্যাও না নিলি যাও। আর ভুসির ভিতর পরায় পরায়ই (প্রায়) ভেজাল পাওয়া যাত্যাছে। ভেজাল ভুসি খায়া মাঝে মাঝেই গরু অসুস্থ হয়া পড়ে।’
বেড়া পৌর এলাকার করমজা বাজারের খড় বিক্রেতা আলতাব হোসেন বলেন, ‘এই বাজারে আমরা ২৫ জনের মতো খ্যার বেচি। কারও দোকানেই দাঁড়িপাল্লা নাই। সবাই অনুমানের ভিত্তিতে খ্যার বেচি। তাই দুই-এক কেজি এদিক-ওদিক হোবারই পারে।’