প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইলে পানির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে এলাকাবাসী নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের ২ নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন। পরে ওয়াসা কর্তৃপক্ষ সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী। এলাকাবাসী জানান, গোদনাইলের দক্ষিণ ধনকুণ্ডাসহ আশপাশের এলাকার মানুষ ঠিকমতো ওয়াসার পানি পাচ্ছে না। এ ছাড়া দীর্ঘদিন ধরে এলাকায় দুর্গন্ধযুক্ত ময়লা পানি সরবরাহ করে আসছে ওয়াসা। ময়লা পানির সরবরাহ বন্ধ এবং বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে ওয়াসা কর্তৃপক্ষকে অনেকবার জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।