চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের তিনটি আবাসিক হলে পাঁচ দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। পানির দাবিতে গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ছাত্রীরা। পরে তাঁরা প্রথমে হলের আবাসিক শিক্ষকদের বাসার সামনে ও পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এ কর্মসূচিতে তিনটি হলের প্রায় ৯০০ ছাত্রী অংশ নেন। তিনটি হলে প্রায় ১৮০০ ছাত্রী থাকেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, পানির দাবিতে সন্ধ্যা সাড়ে সাতটার পর একটি বিক্ষোভ মিছিল বের করেন প্রীতিলতা হলের ছাত্রীরা। কিছুক্ষণ পর শামসুন্নাহার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের ছাত্রীরাও মিছিলে যোগ দেন। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর ছাত্রীরা পানির দাবিতে হলটির আবাসিক শিক্ষকদের বাসার সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। রাত সাড়ে আটটায় তাঁরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে সেখানে অবস্থান নেন। এ সময় ছাত্রীরা ‘পানি চাই, পানি চাই’, ‘পানি নেই কেন, জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। রাত ১০টা পর্যন্ত তাঁরা মূল ফটক বন্ধ রাখেন। মূল ফটক বন্ধ রাখায় ওই সময় বাইরে কয়েকটি যানবাহন আটকা পড়ে।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া প্রীতিলতা হলের শিক্ষার্থী আইরিন সুলতানা প্রথম আলোকে বলেন, পাঁচ দিন ধরে হলে পানি নেই। নিত্য কাজের পানি তো দূরে থাক, খাবার পানি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকবার হলের আবাসিক শিক্ষক ও প্রভোস্টদের বিষয়টি জানালেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি। তাই বাধ্য পানির দাবিতে রাস্তায় নেমেছেন তাঁরা।
এ বিষয়ে বক্তব্য জানতে প্রীতিলতা হলের প্রভোস্ট শান্তি রানী হালদারের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। হলটির সিনিয়র আবাসিক শিক্ষক আনন্দ বিকাশ চাকমা প্রথম আলোকে বলেন, ‘পানি নেই এটা ঠিক। ভোল্টেজ কম থাকায় পাম্প ছাড়া যাচ্ছে না বলে ইঞ্জিনিয়ার অফিস (প্রকৌশল কার্যালয়) থেকে জানানো হয়েছে। আর বিকল্প ব্যবস্থা করার জন্যও তো সময় প্রয়োজন। ছাত্রীদের একটু ধৈর্য ধরতে হবে।’
ছাত্রী হলে পানি না থাকার জন্য বিদ্যুতের লো-ভোল্টেজের সমস্যার কথা বলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী।