পানির দাবিতে ঢাকায় বিক্ষোভ

পানির দাবিতে গতকাল রোববার মগবাজার-মালিবাগ-ওয়্যারলেস গেট এলাকা এবং মিরপুর ১০ নম্বরে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় তাঁরা পানির পাম্পও ঘেরাও করেন। এলাকাবাসীর অভিযোগ, গরম বাড়ার সঙ্গে সঙ্গে পানিসংকট তীব্র আকার ধারণ করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু মগবাজার-মিরপুর নয়, রাজধানীর মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, কলাবাগান, ফ্রি স্কুল স্ট্রিট, মালিবাগ এবং পুরান ঢাকার অনেক স্থানে পানির সংকট তীব্র হচ্ছে। ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, সায়েদাবাদ শোধনাগারে পানি শোধনে বিঘ্ন ঘটায় এ সমস্যা হচ্ছে। অনেক স্থানে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রকল্পের অধীনে মোটা পাইপ বসানো এবং সংযোগজনিত সমস্যায় পানির সংকট হচ্ছে। অনেক এলাকায় বিদ্যুৎ-বিভ্রাটের কারণে পাম্প বন্ধ হয়ে যাচ্ছে। মিরপুরসহ বিভিন্ন স্থানে পানির স্তর অস্বাভাবিক নেমে যাওয়ায় পাম্পে উৎপাদন কমে গেছে।
বিক্ষোভ: পানির দাবিতে গতকাল দুপুর ১২টা থেকে প্রায় এক ঘণ্টা মালিবাগ-ওয়্যারলেস গেট এলাকায় বিক্ষোভ করেছেন আশপাশের এলাকার নারী-পুরুষেরা। তাঁরা প্রধান সড়কে কলসি-বালতি নিয়ে মিছিল করে ব্যাপারী গলির পানির পাম্প ঘেরাও করেন।
কয়েকজন বাসিন্দা জানান, প্রায় দুই মাস এলাকায় পানি সরবরাহ কম। কয়েক দিন ধরে একেবারেই পাওয়া যাচ্ছে না। এলাকাবাসী পানি না পেলেও পাম্পে পানি বিক্রি হয় বলে অভিযোগ তাঁদের। আজ সোমবারের মধ্যে পানি সরবরাহ স্বাভাবিক না হলে আবারও তাঁরা পাম্প ঘেরাও করবেন বলে জানান।
মিরপুর ১০ নম্বরে আল হেলাল হাসপাতালের সামনে বেলা সাড়ে ১১টার দিকে পানির দাবিতে বিক্ষোভ করা হয়। সেনপাড়া-পর্বতাসহ মিরপুরের বিভিন্ন এলাকায় এক সপ্তাহেরও বেশি পানি নেই বলে এলাকাবাসী জানান। বিক্ষোভকারীরা আধা ঘণ্টা প্রধান সড়ক অবরোধ করে রাখেন। একপর্যায়ে পুলিশ আসে। পরে ওয়াসার কর্মকর্তাদের আশ্বাসের পর তাঁরা ফিরে যান।
সায়েদাবাদ শোধনাগারে যান্ত্রিক ত্রুটি: সায়েদাবাদ পানি শোধনাগারে শোধনের জন্য পানি সংগ্রহ করা হয় (ইনটেক পয়েন্ট) সারুলিয়ায় শীতলক্ষ্যা নদী থেকে। পরে পাইপলাইনের মাধ্যমে পানি শোধনাগারে আসে। গত বৃহস্পতিবার সারুলিয়ায় বৈদ্যুতিক কারণে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। শুক্রবার তা ঠিক করা সম্ভব হলেও এর জের গতকালও ছিল। সায়েদাবাদের দুটি শোধনাগার থেকে ৪৫ কোটি লিটার পানি শোধন হয়ে সরবরাহ করা হয়। বৃহস্পতিবার তা বন্ধ হয়ে যায়। পরে উৎপাদন চালু হলেও সরবরাহ করতে গিয়ে কারিগরি সমস্যা দেখা দেয়।
জানতে চাইলে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, সারুলিয়ায় কারিগরি ত্রুটি হয় প্রধানত বৈদ্যুতিক কারণে। সেখানে সমস্যার সমাধান হলেও পানি শোধন করে পাইপলাইনে দিতেও সময় লাগে।
মোটা পাইপ বসাতে গিয়ে সরু পাইপ বন্ধ: মিরপুর, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডিসহ নগরীর বিভিন্ন স্থানে এডিবির অর্থায়নে ঢাকা ওয়াসা ‘ওয়াটার সাপ্লাই সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (ডিডব্লিউএসএসডিপি) বাস্তবায়ন করছে। এর জন্য মোটা পাইপ বসাতে রাস্তা খুঁড়তে গিয়ে আগের পুরোনো সরু পাইপ ফেটে যাচ্ছে। আবার কারিগরি কারণেও আগের লাইন বন্ধ রাখা হচ্ছে। গত বছর যেসব স্থানে মোটা পাইপলাইন বসানো হয়েছিল, সেগুলোর সংযোগ দেওয়া হয়েছে অনেক বাড়িতে। সেসব সংযোগে পানি আসায়ও সমস্যা হচ্ছে। লালমাটিয়ায় যেসব বাড়িতে মোটা পাইপের সংযোগ দেওয়া হয়েছে, গতকাল সেসব বাড়িতে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। অনেক বাড়ির ভূগর্ভস্থ জলাধারে (রিজার্ভার) পানি সংরক্ষিত ছিল না, সেসব বাড়ির বাসিন্দারা দুর্ভোগে পড়েন। কয়েকজন বাসিন্দা জানান, প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে বলা হয়, বিকেল পাঁচটার মধ্যে পানি সরবরাহ স্বাভাবিক হবে। কিন্তু পানি আসেনি।
মিরপুর ১ নম্বর সেকশনসহ অনেক স্থানে মোটা পাইপ বসাতে গিয়ে আগের লাইন বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন বাসিন্দারা। আহম্মদনগরের জোনাকি রোডের বাসিন্দা মতিউর রহমান প্রথম আলোকে বলেন, চার দিন ধরে এলাকায় পানি একেবারেই নেই।
১৪ নম্বর সেকশনের বাসিন্দা রাতুল দেবনাথ অভিযোগ করেন, মাঝেমধ্যে পানি এলেও একটু পরই চলে যাচ্ছে।
কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় তিন দিন ধরে পানি নেই বলে জানিয়েছেন বাসিন্দা সাদিকুর রহমান। মোহাম্মদপুরের বাবর রোডে, কলাবাগান লেক সার্কাস এলাকায় পানি সরবরাহ স্বাভাবিক নয় বলে এলাকাবাসী জানিয়েছেন।
নগরীতে বর্তমানে ওয়াসার তিনটি শোধনাগার (সায়েদাবাদ-১ ও ২ ও সোয়ারীঘাটের চাঁদনীঘাটে) ছাড়াও ৭৩০টি গভীর নলকূপ রয়েছে। সব মিলিয়ে ২৪৫ কোটি লিটার পানি উৎপাদিত হয়। ওয়াসা এই উৎপাদনকে নগরবাসীর চাহিদার তুলনায় বেশি বলে দাবি করে থাকে। তবে উৎপাদন হলেও সরবরাহ লাইনের ত্রুটির জন্য অনেক এলাকায় পানি পৌঁছে না। সায়েদাবাদে যে পানি উৎপাদিত হয়, তার পাইপলাইন রয়েছে মাত্র সাড়ে ১৩ কিলোমিটার।
ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক বলেন, লালমাটিয়ায় আজ (রোববার) একটি নতুন পাম্প চালু করা হবে। অন্য এলাকার সমস্যাও দ্রুত সমাধানে কাজ করছেন তাঁদের লোকজন।