পানির দাবিতে নর্দ্দায় বিক্ষোভ
পানির দাবিতে গতকাল সোমবার সন্ধ্যায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজধানীর নর্দ্দা-কালাচাঁদপুর এলাকার বাসিন্দারা। পুলিশ জানায়, এ সময় কুড়িল বিশ্বরোড থেকে নতুন বাজার পর্যন্ত সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, সন্ধ্যা ছয়টার দিকে কয়েক শ লোক পানির দাবিতে রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে সন্ধ্যা সাতটার দিকে তাদের সরিয়ে দেয়।এলাকাবাসীর অভিযোগ, পানির কল দিয়ে চুইয়ে চুইয়ে পানি পড়ে, তা-ও খুব অল্প সময়ের জন্য। পানির জন্য ওয়াসার পানির পাম্পে হাঁড়ি-পাতিল, বালতি নিয়ে লাইন দিতে হয়। তবু মেলে না পানি।বিক্ষোভকারীরা জানান, কয়েক মাস ধরে এমনিতেই পানির অভাব। এর ওপর গরম শুরু হওয়ায় শুরু হয়েছে লোডশেডিং। গতকাল সকাল থেকে পানি ছিল না। বিকেলে বিদ্যুৎ চলে যাওয়ার পর বিক্ষুব্ধ লোকজন রাস্তায় নেমে আসে।কালাচাঁদপুরের বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, এই এলাকায় বিদ্যুৎ ও পানির সমস্যা দীর্ঘদিনের। নতুন গড়ে ওঠা ভবনের মালিকেরা প্রায় সবাই বড় বড় পানির ট্যাংক তৈরি করে পানি ধরে রাখেন। কিন্তু যাদের এই সুবিধা নেই তারাই পড়েছেন সবচেয়ে বিপাকে।