পানির দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াসার পাম্প হাউসের বিদ্যুতের ট্রান্সফরমার বিকল হয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর উপজেলার ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের তিন এলাকায় ছয় দিন ধরে পানি সরবরাহ বন্ধ আছে। পানি সরবরাহের দাবিতে গতকাল বুধবার উপজেলার সোমবাড়িয়া বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করে এলাকাবাসী।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এলাকার বাসিন্দা শাহজালাল মেম্বার, আক্তার হোসেন, হুমায়ুন কবির, আলতাফ হোসেন, শামীম সরদার, ডালিম সরদার প্রমুখ। পানি-সংকটের জন্য ওয়াসা ও পল্লী বিদ্যুতের অবহেলাকে দায়ী করে বক্তারা বলেন, ছয় দিন আগে ট্রান্সফরমার বিকল হলেও মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ওয়াসার পানি সরবরাহ বন্ধ থাকায় লক্ষ্মণখোলা, চৌরাপাড়া ও দাসেরগাঁ এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানির জন্য এলাকাবাসীকে বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে। অনেকে পুকুর বা অন্য কোনো উৎস থেকে নোংরা-আবর্জনাযুক্ত পানি সংগ্রহ করে ব্যবহার করছেন। পানি-সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে ওয়াসার প্রতি অনুরোধ জানান তাঁরা।
ওয়াসার দাসেরগাঁ পাম্পের অপারেটর সাইদুর রহমান বলেন, গত শনিবার হঠাৎ করে পাম্পের বিদ্যুতের ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এর ফলে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হলেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।