পানির দাবিতে মানববন্ধন
পানির দাবিতে চট্টগ্রাম নগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন হালিশহর এলাকার বাসিন্দারা। গতকাল সোমবার সকালে ওই এলাকার অসংখ্য নারী-পুরুষ কলসি নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
হালিশহরের এ ব্লক, বি ব্লক, আই ব্লক, এইচ ব্লক, জে ব্লক, নিউ এ ব্লকসহ আশপাশের বাসিন্দারা পানির হাহাকারে রয়েছেন বলে সমাবেশে বক্তারা জানান।
বক্তারা বলেন, সপ্তাহে যাতে দুই দিন নির্দিষ্ট সময়ে পানি পান সে ব্যবস্থা করার জন্য স্থানীয় সাংসদের মাধ্যমে ওয়াসা কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছিল। এ ব্যাপারে আশ্বাস দিলেও এখনো সপ্তাহে দুই দিন পানি নিয়মিত দেওয়া হচ্ছে না। তাঁরা বলেন, নিয়মিত পানি প্রদানের দাবিতে তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। ওয়াসা কর্তৃপক্ষ যদি দাবি না মানে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পরে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
সমাবেশে মো. আবুল বাশার, মো. শাহজাহান, ইশতিয়াক আহমেদ, ফরিদ আহমদ, নাজিমুল ইসলাম মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।