আবাসন সংকট নিরসন ও পানির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। মাস্টারদা সূর্য সেন হলে বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা থাকেন।
গতকাল বিকেল পৌনে চারটায় মাস্টারদা সূর্য সেন হল থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন ছাত্রীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এসে শেষ হয়। এরপর ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করতে থাকেন। ‘পানি চাই, পানি দাও’, ‘আবাসন সংকট নিরসন কর’ ধরনের স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল ছাত্রীদের হাতে। ছাত্রীদের অবস্থান কর্মসূচি চলার সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পৌনে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা এসে ছাত্রীদের মূল ফটক থেকে তুলে দেন।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুস্মিতা চৌধুরী প্রথম আলোকে বলেন, দুই সপ্তাহ ধরে হলে পানি নেই। নিত্যব্যবহারের পানি দূরে থাক, খাওয়ার পানিও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। প্রচণ্ড গরমে পানি না থাকার কথা কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি।
ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী উম্মে জাকিয়া প্রথম আলোকে বলেন, হলে ছাত্রীদের জন্য মাত্র ৩০টি আসন বরাদ্দ আছে। অথচ থাকতে হচ্ছে ৬০ জনকে। হলের দুটো স্টোররুমেও (মালপত্র রাখার কক্ষ) ছাত্রীরা থাকছেন। এভাবে গাদাগাদি করে থেকে পড়াশোনায় খুব অসুবিধা হচ্ছে।
রাবেয়া খান নামের আরেক শিক্ষার্থী বলেন, প্রায় পাঁচ মাস ধরে পানি নিয়ে সমস্যা চলছে। কিন্তু এখনো এর সমাধান হলো না। এ কারণে বাধ্য হয়ে ছাত্রীরা রাস্তায় নেমেছেন।
মাস্টারদা সূর্য সেন হলের প্রভোস্ট খালেদ মিসবাহুজ্জামান প্রথম আলোকে বলেন, লো-ভোল্টেজের কারণে পানি তোলা যাচ্ছে না। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে একটি মোবাইল জেনারেটর কেনা হয়েছে। এ জেনারেটর দিয়ে সব জায়গায় একই সময়ে সার্ভিস দেওয়া যাচ্ছে না। সংকট নিরসনের জন্য বৃহস্পতিবার উপাচার্যের সঙ্গে আলোচনা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র প্রথম আলোকে বলেন, ‘আন্দোলনকারী ছাত্রীদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তাঁদের সমস্যাগুলো শুনেছি। দ্রুত তাঁদের সমস্যার সমাধান করা হবে।’
এর আগে গত ১০ এপ্রিল বিশ্ববিদ্যালয়টির আবাসিক হলের ছাত্রীরা ও ১৮ মার্চ আবাসিক হলের ছাত্ররা পানির দাবিতে বিক্ষোভ করেছিলেন।