পানির দাম বাড়াল ঢাকা ওয়াসা
সেবার মান না বাড়লেও পানির দাম শতকরা পাঁচ ভাগ বাড়িয়েছে ঢাকা ওয়াসা। চলতি বছরের জুলাই মাস থেকে এই দাম কার্যকর হয়েছে। এখন আগস্ট মাসের বিলের সঙ্গে পানি বাবদ অতিরিক্ত ৫ শতাংশ অর্থ গুনতে হবে গ্রাহকদের। একই হারে পরিশোধ করতে হচ্ছে স্যুয়ারেজ বিলও। নিয়ম অনুসারে ওয়াসার পানির জন্য যে বিল নির্ধারিত; একজন নাগরিকের কাছ থেকে তার সমপরিমাণ বিল আদায় করা হয় স্যুয়ারেজ লাইন ব্যবস্থাপনা বাবদ।
ঢাকা ওয়াসা সূত্র জানায়, আগে বাসাবাড়িতে ব্যবহার করা প্রতি এক হাজার লিটার পানির দাম ছিল ৭ টাকা ৭১ পয়সা। এখন তা করা হয়েছে ৮ টাকা ৯ পয়সা। আর কলকারখানা, হোটেলসহ বাণিজ্যিক ক্ষেত্রে প্রতি এক হাজার লিটার পানির দাম ২৫ টাকা ৬৬ পয়সা থেকে বাড়িয়ে ২৬ টাকা ৯৪ পয়সা করা হয়েছে। তবে একাধিক সূত্র জানিয়েছে, যেসব এলাকায় মিটার নেই, সেখানে পানির বিল দ্বিগুণ করেছে ঢাকা ওয়াসা। কোথাও আবার হোল্ডিংয়ের বার্ষিক ঘরভাড়া দ্বিগুণ ধরে তার ৮ শতাংশ হারে বিল আদায় করছে।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এডিএম কামরুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, পাঁচ শতাংশ দাম বাড়ানো হয়েছে ঠিকই, কিন্তু এটাকে দাম বাড়ানো না বলে বিদ্যুৎ বিলের সঙ্গে সমন্বয় করা বলা যেতে পারে। তিনি বলেন, বছরে একবার পানির দাম বাড়ানোর ক্ষমতা ঢাকা ওয়াসার আছে। সেই তুলনায় বলতে গেলে দামই বাড়ানো হয় না।
রাজধানীর প্রায় দেড় কোটি মানুষের জন্য প্রতিদিন ২৩০ কোটি লিটার পানির চাহিদা থাকলেও ঢাকা ওয়াসার উৎপাদন ক্ষমতা ২১০ কোটি লিটারের মতো। এর ৭৮ শতাংশ তোলা হয় গভীর নলকূপ দিয়ে, বাকিটা নদীর পানি। সরকারিভাবে রাজধানীবাসীর জন্য ‘বিশুদ্ধ পানি’ সরবরাহের দায়িত্বপ্রাপ্ত একমাত্র কর্তৃপক্ষ ঢাকা ওয়াসা। কিন্তু ময়লা, দুর্গন্ধ এবং রোগ-জীবাণুর শঙ্কায় ওয়াসার পানি সরাসরি কল থেকে পান করার চল উঠে গেছে অনেক আগেই। মানুষ এখন ওয়াসার পানি না ফুটিয়ে পান করে না। পানির মান নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই।
ওয়াসার পানি নিয়ে এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গত ৩১ আগস্ট জাতীয় সংসদকে জানান, ঢাকা ওয়াসার চারটি পানি শোধনাগারের মাধ্যমে মোট উৎপাদনের শতকরা ২২ ভাগ এবং ৭০৮টি গভীর নলকূপের মাধ্যমে ৭৮ ভাগ পানি উত্তোলন করা হচ্ছে। ভূগর্ভস্থ উৎস থেকে পানি উত্তোলন পরিবেশবান্ধব নয়। তাই ভূ-উপরিস্থ উৎসের দিকে অগ্রসর হচ্ছে সরকার। ২০২১ সালের মধ্যে ঢাকা ওয়াসার মোট উৎপাদনের শতকরা ৭০ ভাগ পানি ভূ-উপরিস্থ উৎস থেকে সংগ্রহের লক্ষ্যে তিনটি মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। মন্ত্রী বলেন, এ তিনটির প্রকল্পের মধ্যে পদ্মা (জশলদিয়া) পানি শোধনাগার থেকে প্রতিদিন ৪৫ কোটি লিটার পানি সরবরাহ করা হবে। এ প্রকল্প শেষ হবে ২০১৮ সালের মধ্যে। ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্টের’ আওতায় মেঘনা নদী থেকে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা হবে। এ প্রকল্প শেষ হবে ২০১৯ সালে। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প ফেজ-তিন প্রকল্পের মাধ্যমে মেঘনা নদী থেকে আরও ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা হবে। এ প্রকল্পটি ২০২১ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে।