পানির দেশে নেই খাওয়ার পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগর ও নদীবেষ্টিত বরগুনার পাথরঘাটায় বিশুদ্ধ খাওয়ার পানির জন্য হাহাকার শুরু হয়েছে। নদী ও খালের পানি লবণাক্ত হওয়ায় এবং প্রয়োজনীয়সংখ্যক নলকূপ না থাকায় এ উপজেলার মানুষ পুকুর ও জলাশয়ের পানি পান করে। কিন্তু গ্রীষ্ম মৌসুমে এসব শুকিয়ে যাওয়ায় পানির সংকট তীব্র আকার ধারণ করে। এ সময় মাইলের পর মাইল হেঁটেও এক কলস খাওয়ার পানি সংগ্রহ করতে পারে না মানুষ।উপজেলার পশ্চিমে বলেশ্বর, পূর্বে বিষখালী নদী ও দক্ষিণে বঙ্গোপসাগর। তাই এখানের নদী ও খালের পানিতে লবণাক্ততার মাত্রা বেশি। মাটির নিচে পাথরের আধিক্য থাকায় পৌর এলাকাসহ চারটি ইউনিয়নে গভীর নলকূপ বসানো যাচ্ছে না। এগুলো হচ্ছে চরদুয়ানি, পাথরঘাটা সদর, কাঁঠালতলী ও নাচনাপাড়া ইউনিয়ন। এসব ইউনিয়নের পিএসএফ (পন্ড অ্যান্ড স্যান্ডস ফিল্টার) বা বালুর ফিল্টার বসিয়ে পুকুরের পানি বিশুদ্ধ করা হয়। পরে এসব ইউনিয়নের মানুষ পুকুরগুলো থেকে কলস ও জারে ভরে পানি নিয়ে যায়। বর্তমানে অনেক পুকুরের ফিল্টার নষ্ট হয়ে গেছে। পাশাপাশি গ্রীষ্ম মৌসুমে পানি শুকিয়ে যাওয়ায় পানির সংকট তীব্র হচ্ছে।সরেজমিনে জানা যায়, উপজেলার নিজলাঠিমারা গ্রামের পাঁচ হাজার মানুষের জন্য ব্যক্তিগত সংরক্ষিত পুকুর আছে মাত্র চারটি। এই চারটি পুকুরে বর্তমানে মাত্র তিন-চার ফুট পানি আছে। ওই গ্রামের বাসিন্দা শিল্পী বেগম বলেন, ‘মোগো গ্রামের পুহুইরে আডু (হাঁটু) হোমান পানিও নাই, আর কয় দিন পর কী যে অবস্থা অইবে, হেইয়্যা কইতে পারি না।’পদ্মা গ্রামের বাসিন্দা আবদুল আলীম বলেন, ‘এলাকার একটা পুহুইরেও পানি নাই, সব শুকাইয়্যা গ্যাছে। গাঙ্গের নোনা পানিতে গোসল ও অন্য কাম-কাইজ করলেও তা খাওন যায় না। দেড় মাইল দূরে বাদুরতলা গ্রামে একটা পুহুইরে ফিল্টার আছে। দৈনিক ১৫ টাহা দিয়া এক কলস পানি আনাই। অনেকে তাও পারে না।’পাথরঘাটা পৌর এলাকায় একমাত্র পানির উৎস উপজেলা পরিষদের সামনের পুকুর। সেখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত থাকে দীর্ঘ লাইন। পৌর এলাকার বরইতলা গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির জানান, ১৫-২০ টাকা দিয়ে এক কলস পানি পান না তাঁরা।উপজেলার কোড়ালিয়া, পদ্মা, বাদুরতলা, ভাঙনসহ আশপাশের গ্রামের একাধিক পুকুরে পানির ফিল্টার (পিএসএফ) আছে। কিন্তু এখন বেশির ভাগ ফিল্টারই অকেজো পড়ে আছে। যেসব ফিল্টার সচল আছে সেগুলোতে শুকনা মৌসুমে পুকুরের পানি শুকিয়ে ও পচে যাওয়ায় বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে না।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার চরদুয়ানি, পাথরঘাটা সদর, কাঁঠালতলী ও নাচনাপাড়া ইউনিয়নে বিকল্প পানির উৎস হিসেবে ৫০৬টি পুকুরে পিএসএফ স্থাপন করা হয়েছিল। এখন সেগুলোর মধ্যে মাত্র ১৩১ এবং বিভিন্ন বেসরকারি সংস্থার ২৫টি পিএসএফ সচল আছে।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, রায়হানপুর, কাকচিঁড়া ও কালমেঘা ইউনিয়নের একাংশে এক হাজার ৬৯৫টি গভীর নলকূপ এবং ২৯৪টি অগভীর নলকূপ রয়েছে। কিন্তু ফাল্গুন-চৈত্র মাসে অগভীর নলকূপ থেকে পানি পাওয়া যায় না এবং গভীর নলকূপ থেকে প্রায়ই লোনা পানি ওঠে। এ অবস্থায় বিশুদ্ধ পানি পেতে হলে এ উপজেলায় পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট (সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপন করতে হবে।পাথরঘাটা উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বরগুনা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আ. মান্নান বলেন, ‘রক্ষণাবেক্ষণের অভাবে পাথরঘাটার বেশির ভাগ পিএসএফ অচল হয়ে গেছে। এর মধ্যে কিছু আছে সংস্কারের অযোগ্য। সংস্কারযোগ্য পিএসএফের সংখ্যা আমরা গণনা করেছি। এগুলো উপজেলা পরিষদ সংস্কার করবে বলে ইউএনও সাহেব আশ্বাস দিয়েছেন।’