জেলা প্রশাসন গতকাল রোববার থেকে পর্যটন করপোরেশনের রাঙামাটির ঝুলন্ত সেতু দিয়ে চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে। গতকাল এ নির্দেশনা পর্যটন করপোরেশনের স্থানীয় কার্যালয়ে পৌঁছেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেতুটির পাটাতন বর্তমানে প্রায় দুই ফুট পানির নিচে। কাপ্তাই হ্রদের ওপর নির্মিত ৩৩৫ ফুট দীর্ঘ ঝুলন্ত এ সেতুর মাধ্যমে দুটি পাহাড়ের মধ্যে সংযোগ স্থাপিত হয়েছে। এ বছর ঘন ঘন বৃষ্টি হওয়ায় কাপ্তাই হ্রদের পানি দ্রুত বেড়েছে। ফলে সেতুর পাটাতন ডুবে গেছে। কয়েক দিনের মধ্যে কাপ্তাই হ্রদের পানি কমানো না গেলে ঈদের ছুটিতে রাঙামাটিতে আসা পর্যটকেরা সেতু পার হয়ে স্থানীয় ডিয়ার পার্ক ও আদিবাসী গ্রামে বেড়ানো থেকে বঞ্চিত হতে পারেন বলে পর্যটন করপোরেশনের স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন। পর্যটন করপোরেশন, রাঙামাটির নির্বাহী কর্মকর্তা অলোক বিকাশ চাকমা জানান, ১৯৮৫ সালে নির্মিত এই সেতুর ওপর এর আগে সর্বশেষ পানি উঠেছিল ২০০৭ সালে। তবে তখন খুব বেশি সময় পানি ছিল না। কিন্তু এ বছর বেশি সময় ধরে পানি থাকার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় রাঙামাটিতে পর্যটক কম আসতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।জানা গেছে, প্রায় পাঁচদিন ধরে সেতুর পাটাতন পানিতে ডুবে থাকায় পাটাতনের কাঠগুলো নরম হয়ে যেতে পারে। সেখানে কেউ হাটা-চলা করলে পাটাতন ভেঙে যাওয়াসহ নানা দুর্ঘটনা ঘটতে পারে বলে অলোক চাকমা জানান।জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সেতুতে ওঠার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিশ্চিত করে বলেন, পর্যটকদের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেতুতে চলাচল বন্ধ করা হয়েছে।