পানির নিচে ধান কৃষকের কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের তিন উপজেলা ও হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রায় দেড় হাজার হেক্টর জমির পাকা বোরো ধান তলিয়ে গেছে। হাকালুকি হাওরের কৃষকেরা পানিতে নেমে পাকা ধান কাটছেন।হাকালুকি হাওর এলাকার বাসিন্দারা জানান, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জুড়ীর জায়ফরনগর, পশ্চিমজুড়ী, ফুলতলা ও সাগরনাল ইউনিয়নের ৪৫০ হেক্টর; কুলাউড়ার ভূকশিমইল, ব্রাহ্মণবাজার, ভাটেরা, জয়চণ্ডী, কাদিপুর, বরমচাল ও পৃথিমপাশা ইউনিয়নে ৫৭৫ হেক্টর এবং বড়লেখার তালিমপুর, বর্ণি, দাসেরবাজার, নিজ বাহাদুরপুর ও সুজানগর ইউনিয়নের ২৫০ হেক্টরসহ মোট এক হাজার ২৭৫ হেক্টরের পাকা বোরো ধান পানিতে তলিয়ে যায়। ১ ও ৩ মে সরেজমিনে দেখা গেছে, হাকালুকি হাওর পারের বেশির ভাগ ধানি জমি তলিয়ে গেছে। জুড়ীর শাহপুর গ্রামের রমিজ উদ্দিন, আবুল মিয়া, শরাফত মিয়াসহ কয়েকজন কৃষক জানান, এমনিতেই মৌসুমের শুরুতে তীব্র খরায় ফলন তেমন ভালো হয়নি। যেটুকু হয়েছে তাও পাহাড়ি ঢলে রক্ষা করা গেল না।পশ্চিম গোবিন্দপুরের পরীন্দ্র বিশ্বাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ধান প্রায় পাকি গেছিল। মনে করছিলাম, দুই-চাইর দিনর ভিতরে কাটি লাইমু। আওরর পানি আইয়া খাইয়া গেলগি।’বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ বলেন, পাহাড়ি ঢলের কারণে হাকালুকির বোরো ফসল রক্ষা করা যায় না। হাওরের সঙ্গে যুক্ত নদীগুলো পলিতে ভরাট হয়ে পড়েছে। এর ফলে শুষ্ক মৌসুমে সেচের জন্য পানি পাওয়া যায় না। অন্যদিকে বর্ষায় পানি নিষ্কাশন ব্যাহত হয়। অথচ নদ-নদীগুলো পুনর্খনন করা হচ্ছে না।ক্ষয়ক্ষতির সত্যতা নিশ্চিত করে জুড়ীর কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা, কুলাউড়ার কৃষি কর্মকর্তা সফর উদ্দিন ও বড়লেখার কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন প্রথম আলোকে জানান, নিচু এলাকার জমি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নে আকসিঞ্চক বানের পানিতে সিনাই নদীর বাঁধ ভেঙে এক হাজার ২১৫ হেক্টরের বোরো ধান তলিয়ে গেছে বলে কৃষকেরা জানিয়েছেন। মঙ্গলবার রাতে এ ভাঙন দেখা দেয়।তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল বাতেন দাবি করেন, জেলার সাড়ে নয় শ’ হেক্টরের বোরো ধান পানিতে তলিয়ে গেছে।পৈলারকান্দি ও তার আশপাশের হাওরগুলোতে বোরো ধান কাটা চলছে। এ অবস্থায় পাহাড়ি ঢলে ওই এলাকার সিনাই নদীতে পানি বেড়ে যায় এবং নদীতে বান দেখা দেয়। বানের তোড়ে ছাগাইয়া নামক স্থানে বাঁধে ভাঙন দেখা দেয়। এতে ওই ইউনিয়নের কুমড়ি, চরগাঁও হাওরসহ কয়েকটি হাওরের পানি ঢুকে পড়ে। তলিয়ে যায় ফসলি জমি।ওই এলাকার কৃষক জুনায়েদ মিয়া জানান, এ ভাঙনের ফলে পৈলারকান্দি ইউনিয়নের কুমড়ি, চরগাঁও, বাগতলা, শ্রীমঙ্গলকান্দি, ভাঙ্গারকান্দি, দুর্গাপুর ও বালা গ্রামের কয়েক হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।পৈলারকান্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য দেবীচাঁদ দাস বলেন, ‘আকসিঞ্চক এ বন্যা কৃষকের মুখের হাসি কেড়ে নিয়েছে।’হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল হাকিম জানান, ওই অঞ্চলটি নিচু। একটু বৃষ্টিপাত হলে মাঠঘাট তলিয়ে যায়। কী পরিমাণ ক্ষতি হয়েছে এ মুহূর্তে তা নির্ণয় করা সম্ভব না।